ইসরায়েলি ওয়েবসাইটে হ্যাকারদের হামলা
ইসরায়েলের বিভিন্ন ওয়েবসাইটে বেশ কয়েকটি সাইবার হামলা হয়েছে। হ্যাকাররা কয়েকটি ওয়েবসাইট সাময়িক অচল করে দেয়। এ ছাড়া তারা কয়েকটি ওয়েবসাইটে ফিলিস্তিনপন্থী বার্তা জুড়ে দেয়। ধারণা করা হচ্ছে, গাজায় হামলার পাল্টা জবাব হিসেবে ইসরায়েলবিরোধীরা এই সাইবার হামলা চালিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর ওয়েবসাইটে ‘অর্জন’ ও ‘গুণাবলি’ সংযুক্ত করার পরপরই তাতে সাইবার হামলা হয়। অজ্ঞাত হ্যাকারা জানায়, ‘গাজায় সব ধরনের টেলিযোগাযোগ বন্ধ করে দেওয়া হবে বলে ইসরায়েলি সরকার হুমকি দিয়েছে। এরপর আমরা সাইবার হামলা শুরু করেছি। আমরা “অজ্ঞাত” এবং আমরা থাকতে “কেউ” ইন্টারনেট বন্ধ করতে পারবে না। গাজায় সামরিক হামলা বন্ধ না হলে হ্যাকারদের হামলাও অব্যাহত থাকবে।’হ্যাকারদের ওই বিবৃতির পর ইসরায়েলের ৮৭টি ওয়েবসাইটের একটি তালিকা প্রকাশ করা হয়। এসব ওয়েবসাইট আংশিক বা পুরোপুরি অচল করে দেওয়া হয়েছে বলে দাবি করা হয়। কয়েকটি ওয়েবসাইটের মূল পাতায় হামাস ও ফিলিস্তিনের পক্ষে সমর্থন জানানো হয়। বিবিসি।