ইসরায়েলি কূটনীতিককে বহিষ্কার করেছে যুক্তরাজ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে হামাসের এক নেতাকে হত্যার ঘটনায় জাল ব্রিটিশ পাসপোর্ট ব্যবহারের প্রমাণ পাওয়ায় ইসরায়েলের এক কূটনীতিককে বহিষ্কার করেছে যুক্তরাজ্য। বহিষ্কার হওয়া কূটনীতিকের নাম প্রকাশ করেনি ব্রিটিশ সরকার। তবে ওই ব্যক্তি কূটনীতির পাশাপাশি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়েও কাজ করতেন। এদিকে গতকাল বুধবার ইসরায়েলের সরকারি একটি রেডিও ও অন্যান্য গণমাধ্যম জানিয়েছে, বহিষ্কার হওয়া ওই কূটনীতিক মোসাদের গোয়েন্দা কর্মকর্তা হিসেবে কাজ করতেন। তাঁর স্থলে শিগগিরই মোসাদের অন্য গোয়েন্দা কর্মকর্তাকে নিয়োগ করা হবে। টাইমস ও টেলিগ্রাফ পত্রিকা জানায়, বহিষ্কার হওয়া ওই ব্যক্তি মোসাদের একজন জ্যেষ্ঠ এজেন্ট। ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি মোসাদের লন্ডন শাখার প্রধান হিসেবে কাজ করতেন।যুক্তরাজ্যের সিরিয়াস অর্গানাইজড ক্রাইম এজেন্সি তাদের এক তদন্তে প্রমাণ পায়, ইসরায়েল যুক্তরাজ্যের ১২ জন নাগরিকের পরিচয় ও তথ্য চুরি করে জাল পাসপোর্ট তৈরি করে এবং তা দুবাইয়ের হত্যাকাণ্ডে ব্যবহার করে। এ ঘটনায় জড়িত সন্দেহে ব্রিটিশ সরকার লন্ডনে ইসরায়েলের ওই কূটনীতিককে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যান্ড গত মঙ্গলবার হাউস অব কমন্সে এক বিবৃতিতে বলেন, ‘জাল পাসপোর্ট ব্যবহার করে গত জানুয়ারি মাসে দুবাইতে মাহমুদ আল মাবহুকে হত্যার পেছনে ইসরায়েলের যোগসাজশের বিষয়টি বিশ্বাস করার পেছনে যথেষ্ট কারণ রয়েছে। এ ঘটনায় যুক্তরাজ্যে ইসরায়েলি দূতাবাসের এক সদস্যকে প্রত্যাহার করে নিতে বলেছি এবং তা কার্যকর হচ্ছে।’ মিলিব্যান্ড বলেন, ব্রিটিশ সরকার পাসপোর্টের এ অপব্যবহারের বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। এতে যুক্তরাজ্যের সার্বভৌমত্বকে অবজ্ঞা করা হয়েছে এবং মধ্যপ্রাচ্যে ব্রিটিশ নাগরিকদের জন্য নতুন বিপদ তৈরি করবে। এ ব্যাপারে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী আভিগদর লিবারম্যান বলেন, বহিষ্কারের সিদ্ধান্তে তিনি খুব হতাশ। ইসরায়েলের জ্যেষ্ঠ এক কর্মকর্তা জানান, ওই ঘটনার পাল্টা পদক্ষেপ হিসেবে ব্রিটিশ কোনো কূটনীতিককে বহিষ্কার করবে না ইসরায়েল। গত জানুয়ারি মাসে দুবাইয়ের হোটেল কক্ষে হামাসের সামরিক শাখার প্রতিষ্ঠাতা মাহমুদ আল মাবহুকে হত্যা করা হয়। এ হত্যার সঙ্গে জড়িত সন্দেহে ২৭ জনের নাম প্রকাশ করেছে দুবাই পুলিশ। ইন্টারপোল ওই ২৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এএফপি, বিবিসি ও রয়টার্স