ইসরায়েলি গোয়েন্দাদের কাছে প্রশিক্ষণ নিয়েছিলেন ম্যান্ডেলা

দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা ও দেশটির প্রথম কালো প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা ১৯৬২ সালে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র চালানোর প্রশিক্ষণ নিয়েছিলেন।
‘দ্য গার্ডিয়ান’ বলছে, ইসরায়েলের সরকারি মহাফেজখানায় সংরক্ষিত এক কৌতূহলোদ্দীপক চিঠি থেকে জানা গেছে, ইথিওপিয়াতে ওই প্রশিক্ষণের সময় মোসাদের এজেন্টরা ম্যান্ডেলার পরিচয় সম্পর্কে অবগত ছিলেন না।
নেলসন ম্যান্ডেলার মৃত্যুর দুই সপ্তাহ পর ইসরায়েলের সংবাদপত্র ‘হারেত্জ’ এ তথ্য প্রকাশ করেছে। দৈনিকটির এক প্রতিবেদনে বলা হয়, প্রশিক্ষণে ম্যান্ডেলাকে অস্ত্রের ব্যবহার পদ্ধতি এবং ইহুদিবাদের প্রতি সহানুভূতিশীল হওয়ার শিক্ষা দেয়া হয়।
ম্যান্ডেলা ১৯৬২ সালে নিজ রাজনৈতিক দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের (এএনসি) বর্ণবাদবিরোধী আন্দোলনের সমর্থন আদায়ের জন্য আফ্রিকার বিভিন্ন দেশে সফর করেন। ইথিওপিয়া সফরের সময় ইসরায়েলি দূতাবাস ম্যান্ডেলাকে সহযোগিতা করে। গোপনীয় দলিলে দেখা গেছে, ১৯৬২ সালের অক্টোবর মাসে ইথিওপিয়ার ইসরায়েলি দূতাবাস থেকে গোপনীয় চিঠিগুলো পাঠানো হয়েছে। চিঠিগুলোর বিষয়ে ‘কাল পিম্পারনেল (এক ধরনের বুনো ফুল)’ লেখা ছিল।
সেই সময় ম্যান্ডেলাকে বোঝানোর জন্য কাল পিম্পারনেল শব্দটি দক্ষিণ আফ্রিকার সংবাদমাধ্যমগুলো ব্যবহার করত।
চিঠি থেকে উদ্ধৃত করে ‘হারেত্জ’ বলেছে, ‘হয়তো আপনার মনে থাকবে, তিন মাস আগে আমরা এক প্রশিক্ষণার্থী নিয়ে আলাপ করছিলাম। ডেভিড মোবসারি নামের ওই লোকটি রোডেশিয়া থেকে ইথিওপিয়ার ইসরায়েলি দূতাবাসে এসেছিল। ওই লোকটি ইথিওপিয়ান্সদের (‘হারেত্জ’-এর মতে, এ শব্দটি দিয়ে ইথিওপিয়াতে অবস্থানকারী মোসাদের সদস্যদের বোঝাত) কাছে জুডো, অন্তর্ঘাতী হামলা ও অস্ত্র চালানোর প্রশিক্ষণ নিয়েছিল।’
ওই চিঠিতে আরও বলা হয়, প্রশিক্ষণার্থীটি ব্রিটিশ শাসক ও ১৯৩০-৪০-এর দশকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে লড়াইরত ইসরায়েলি আধা সামরিক সংগঠন ‘হাগনা’ ও ইসরায়েলের গোপন তত্পরতাগুলোর প্রতি বিশেষ আগ্রহ দেখিয়েছিল
‘হারেত্জ’ বলছে, দলিলপত্রের টিকা থেকে নিশ্চিত হওয়া গেছে ‘কাল পিম্পারনেলই’ নেলসন ম্যান্ডেলা। সংবাদপত্রটি আরও জানিয়েছে, দলিলপত্রগুলো রাষ্ট্রীয়ভাবে সংরক্ষিত ছিল। কয়েক বছর আগে এক ছাত্র ইসরায়েল ও দক্ষিণ আফ্রিকার ওপর গবেষণা করতে গিয়ে এ তথ্যের সন্ধান পান।
ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ১৯৬২ সালে ম্যান্ডেলার সঙ্গে ইসরায়েলি কর্তৃপক্ষের বৈঠকের তথ্যটি পাওয়া গেছে। কিন্তু মোসাদের সঙ্গে সম্পর্ক বা প্রশিক্ষণের ব্যাপারে পরিষ্কার কোনো তথ্য পাওয়া যায়নি।