ইসরায়েলের ওপর প্রভাব পড়বে, এমন একটি নীতি অনুমোদন করেছে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় একটি গির্জা৷ এর আওতায় গির্জাটি এমন তিনটি কোম্পানি থেকে বিনিয়োগ তুলে নেবে, যেসব কোম্পানির পণ্য ইসরায়েল অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডে ব্যবহার করে৷ খবর আল-জাজিরার৷
ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলি নীতির প্রতিবাদে এই পদক্ষেপ নিয়েছে গির্জাটি৷ কোম্পানি তিনটি হলো, ক্যাটারপিলার, হিউলেট-প্যাকার্ড ও মোটোরোলা সলিউশনস৷ এই তিনটি প্রতিষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রোটেস্ট্যান্ট খ্রিষ্টানদের শীর্ষস্থানীয় গির্জা দি প্রেসবিটারিয়ান চার্চের (ইউএসএ) প্রায় দুই কোটি ১০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ রয়েছে৷ গত শুক্রবার গির্জার একটি সাধারণ সভায় ওই বিনিয়োগ প্রত্যাহার-সংক্রান্ত নীতির ওপর ভোটাভুটি হয়৷ এতে পক্ষে ৩১০ ও বিপক্ষে ৩০৩ ভোট পড়ে৷ সভায় পৃথক ভোটাভুটিতে ইসরায়েল-ফিলিস্তিন পৃথক রাষ্ট্রের বিষয়ে আবার পরীক্ষা-নিরীক্ষা করার পক্ষে রায় দেওয়া হয়৷