ইসরায়েলি বিমান হামলায় নয়জন ফিলিস্তিনি নিহত
গাজায় গত রোববার রাতে ইসরায়েলি বিমান হামলায় নয়জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজাভিত্তিক ইসলামপন্থী সংগঠন হামাসের রকেট হামলার প্রতিবাদে এই হামলা চালানো হয় বলে দাবি করেছে ইসরায়েল।খবর বিবিসি ও এএফপির।
হামাসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, দক্ষিণ রাফার কাছে ইসরায়েলের বিমান হামলায় তাঁদের ছয়জন যোদ্ধা নিহত হয়েছেন। পৃথক হামলায় নিহত হয়েছেন আরও তিন ফিলিস্তিনি।
গত সোমবার ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের তিন কিশোরের লাশ উদ্ধার করা হয়। এরপর গত বুধবার ফিলিস্তিনি কিশোর মোহাম্মদ আবু খাদিরকে অপহরণের কয়েক ঘণ্টা পর হত্যা করা হয়। ময়নাতদন্তে জানা গেছে, তাকে জীবন্ত আগুনে পুড়িয়ে হত্যা করা হয়। তার জ্ঞাতি ভাই যুক্তরাষ্ট্রের নাগরিক কিশোর তারিক আবু খাদিরকে নির্দয়ভাবে পিটিয়ে আহত করে ইসরায়েলি পুলিশ। এসব ঘটনার পর গাজা-ইসরায়েল সীমান্তে উত্তেজনা দেখা দেয়।
গাজার জরুরি সেবা সংস্থার পক্ষ থেকে রাফায় ইসরায়েলি বিমান হামলায় মাত্র দুজন ফিলিস্তিনি নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করা হয়েছে। ধ্বংসস্তূপে চাপা পড়ে ওই দুজন নিহত হয় বলে ধারণা করা হচ্ছে। পৃথক হামলায় আরও সাত ফিলিস্তিনি নিহত হন। ইসরায়েলি হামলার উচিত বদলা নেওয়ার ঘোষণা দিয়েছে হামাসের সামরিক শাখা ইজ্জেদাইন আল-কাসেম ব্রিগেডস।