ইসরায়েলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি নিহত
ইসরায়েলের সীমান্ত পুলিশ জেরুজালেমের কাছে একটি তল্লাশি ফাঁড়িতে গতকাল শুক্রবার এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে। এ নিয়ে ১২ ঘণ্টার মধ্যে ইসরায়েলি সেনার হাতে দুই ফিলিস্তিনি নাগরিক নিহত হলেন।
ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে গত জুলাইয়ে শুরু হওয়া শান্তি আলোচনার স্থবিরতা কাটাতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির এ অঞ্চল সফরের মধ্যেই এ সহিংসতা ঘটল।
পুলিশের মুখপাত্র মিকি রোজেনফেল্ড বলেন, গতকাল এক ফিলিস্তিনি ছুরি নিয়ে সীমান্ত পুলিশের একজন কর্মকর্তার দিকে দৌড়ে গেলে তিনি তাঁকে গুলি করতে বাধ্য হন। এতে গুরুতর আহত হওয়ার কিছু সময় পর ওই ব্যক্তি মারা যান।
অধিকৃত পশ্চিম তীরের হেবরন শহরে বসবাসরত ওই ফিলিস্তিনির পরিবার জানায়, তাঁর নাম আনাস আল-আতরাশ (২৩)। আবু দিস ও বেথেলহেমের মাঝামাঝি ওয়াদি নারা তল্লাশি ফাঁড়িতে এ ঘটনা ঘটে।
এর আগে বৃহস্পতিবার রাতে পশ্চিম তীরের নাবলুসে ইসরায়েলি বাহিনী বাশার হাবানিন নামের (২৯) আরও এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে। এএফপি।