ইসরায়েলি হামলা বন্ধে উদ্যোগ নিন: ফিলিস্তিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযান বন্ধে তাৎক্ষণিক পদক্ষেপ নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিন। ইসরায়েলের ভূখণ্ডে রকেট হামলার প্রতিশোধ নিতে তেল আবিব এই অভিযান শুরু করে। ফিলিস্তিনের গাজা উপত্যকা ও ইসরায়েলের মধ্যে উত্তেজনার প্রশ্নে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গত বুধবার রাতে জরুরি বৈঠকে বসে। দেড় ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠকে ইসরায়েলি সামরিক অভিযান নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মনসুর এক বিবৃতিতে অবিলম্বে ইসরায়েলি অভিযান বন্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।বৈঠকে যুক্তরাষ্ট্র ও বিশ্বের শক্তিধর দেশগুলো ইসরায়েল ও ফিলিস্তিন দুই পক্ষকেই পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান জানিয়েছে। এদিকে গতকাল বৃহস্পতিবার গাজা থেকে ছোড়া কয়েকটি রকেট ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় কিরইয়াত মালাহি নামক জায়গায় আঘাত হেনেছে। এতে তিনজন নিহত হয়েছে। ইসরায়েলি পুলিশের একজন মুখপাত্র এ কথা জানিয়েছেন।গাজার বিদ্রোহীদের বিরুদ্ধে ইসরায়েলের সর্বাত্মক সামরিক অভিযান চলা অবস্থাতেই গাজা থেকে কিরইয়াত মালাহি নামক জায়গায় রকেট হামলা চালানো হলো। হামাসের সামরিক শাখা ইজেদিন আল-কাসাম এক বিবৃতিতে এই হামলার দায়িত্ব স্বীকার করেছে।বুধবার গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের সামরিক শাখার প্রধান আহমেদ সাইদ খলিলি আল জাবারিসহ অন্তত আটজন নিহত হন। জাবারি নিহত হওয়ার পর ইসরায়েলকে কড়া জবাব দেওয়ার ঘোষণা দেয় হামাস। আর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে অভিযান জোরদার করার বিষয়ে তাঁদের সেনাবাহিনী প্রস্তুত। এএফপি।