ইসরায়েলিদের শান্ত ও স্বাভাবিক রাখার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় সামরিক অভিযানের প্রস্তুতির প্রেক্ষাপটে ইসরায়েলের নাগরিকেরা খুবই উদ্বিগ্ন। নাগরিকদের শান্ত ও স্বাভাবিক রাখতে সে দেশের গণমাধ্যম ও সরকারি কর্মকর্তারা চেষ্টা চালাচ্ছেন। প্রতিবেশী দেশ সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন সামরিক অভিযানের আশঙ্কায় গ্যাসরোধক মুখোশ কিনতে দেশের বিভিন্ন স্থানে ইসরায়েলিরা দীর্ঘ লাইনে দাঁড়াচ্ছেন।ব্রিটিশ সরকারের দ্বিতীয় বিশ্বযুদ্ধকালের এক স্লোগানের সঙ্গে সুর মিলিয়ে গতকাল জেরুজালেম পোস্ট পত্রিকায় প্রকাশিত বিশ্লেষণের শিরোনাম ছিল, ‘শান্ত থাকুন এবং স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যান।’অধিকাংশ গণমাধ্যম প্রতিষ্ঠানই গতকাল যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের বিরুদ্ধে সিরিয়ার সম্ভাব্য পাল্টা প্রতিক্রিয়া নিয়ে ভীতি কমাতে নানা রকম খবর প্রচার করেছে। জেরুজালেম পোস্ট বলেছে, ‘শত্রুপক্ষের কার্যকলাপের ওপর ইসরায়েলি সামরিক গোয়েন্দারা আগের যেকোনো সময়ের চেয়ে আরও বেশি তৎপর। ইসরায়েলি সামরিক শক্তি ও নিখুঁত গোয়েন্দা তথ্য আসাদ সরকারকে বুঝিয়ে দেবে, সিরিয়ায় মার্কিন হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলে হামলা চালানো হলে তার পরিণাম হবে খুবই খারাপ।’এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নিরাপত্তা মন্ত্রিসভা বুধবার দেশটির সংরক্ষিত সেনাদলের একটা অংশকে প্রস্তুত রাখার বিষয় অনুমোদন করেছে। প্রতিরক্ষামন্ত্রী মোশে শ্যালন বুধবার এক সম্মেলনে বলেন, ‘আমাদের প্রস্তুতি নেওয়া দরকার। কিন্তু নিত্যদিনের কাজকর্মও চালাতে হবে।’ এএফপি।