ইসরায়েলে আগাম নির্বাচন হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসরায়েলে আগামী ২২ জানুয়ারি আগাম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার পার্লামেন্টে ভোটাভুটিতে এ সিদ্ধান্ত নিয়েছেন আইনপ্রণেতারা। একই সঙ্গে নির্বাচন সামনে রেখে পার্লামেন্ট ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।নতুন বাজেট প্রণয়নে ক্ষমতাসীন জোট সরকারের শরিক দলগুলো ঐকমত্য হতে না পারায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত সপ্তাহে আগাম নির্বাচনের প্রস্তাব করেছিলেন। সেই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে গতকাল ভোটাভুটি হয়। অর্থনৈতিক মন্দার কারণে ব্যয় সংকোচনের ভিত্তিতে পরবর্তী বাজেট প্রণয়ন করতে চাচ্ছিলেন নেতানিয়াহু। কিন্তু জোটের অনেকে ব্যয় সংকোচন নীতির বিপক্ষে। ফলে নতুন বাজেট নিয়ে অচলাবস্থার সৃষ্টি হয়।জনমত জরিপে দেখা গেছে, নেতানিয়াহু আগামী নির্বাচনে সহজ জয় পেতে পারেন। লিকুদ পার্টির নেতৃত্বাধীন ক্ষমতাসীন ডানপন্থী জোট ২০০৯ সাল থেকে সরকারে আছে।পার্লামেন্টে নেতানিয়াহু বলেন, রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার পর থেকে সবচেয়ে বড় নিরাপত্তা হুমকিতে আছে ইসরায়েল। এ ছাড়া গোটা বিশ্ব গত ৮০ বছরের মধ্যে সবচেয়ে বড় অর্থনৈতিক সংকট মোকাবিলা করছে। এ অবস্থায় আগামী ১০০ দিনেরও কম সময়ের মধ্যে ইসরায়েলের জনগণকে তাঁদের পরবর্তী নেতা নির্বাচনের সিদ্ধান্ত নিতে হবে। গত নির্বাচনে ১২০ আসনের নেসেটে ২৭টি আসনে জয়ী হয়েছিল নেতানিয়াহুর দল। ধারণা করা হচ্ছে, এবার তাঁর দল আরও ভালো করবে। বিবিসি ও এএফপি।