ইসরায়েলে জাতীয় ঐক্যের সরকার গঠনে চুক্তি
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিরোধী দল কাদিমা পার্টির সঙ্গে জাতীয় ঐকমত্যের সরকার গঠনে একমত হয়েছেন। এ লক্ষ্যে তিনি কাদিমা পার্টির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছেন। ফলে এ মুহূর্তে নেতানিয়াহুকে আর নির্বাচনের মুখোমুখি হতে হচ্ছে না।গতকাল মঙ্গলবার ক্ষমতাসীন লিকুদ পার্টি ও বিরোধী দল কাদিমা পার্টির মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় কাদিমা পার্টির প্রধান সাউল মোজাফ উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব পাওয়ার কথা। ছয় সপ্তাহ আগে দলটির নেতৃত্ব পান মোজাফ।নতুন চুক্তির আওতায় ঐকমত্যের সরকার গঠিত হলে এটি হবে ইসরায়েলের সপ্তম জাতীয় ঐকমত্যের সরকার। সেই সঙ্গে এটি ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় জোট সরকারও। সংখ্যাগরিষ্ঠতার দিক থেকেও এটি হবে সবচেয়ে বড়। ১২০ আসনের পার্লামেন্টে এই সরকারের আসন হবে ৯৪টি।চুক্তির আওতায় দুই দলই ২০১২ সালের মধ্যে সরকার পদ্ধতিতে পরিবর্তন আনা এবং কাদিমা পার্টির এমপিদের নেসেট কমিটিতে পররাষ্ট্র, প্রতিরক্ষা ও অর্থনৈতিক বিষয়ে গুরুত্বপূর্ণ পদে দেওয়ার ব্যাপারে একমত হয়েছে। নেতানিয়াহু ইতিমধ্যে সোমবার রাতে টেলিফোনে কানাডা সফররত ইসরায়েলি প্রেসিডেন্ট সিমন পেরেজের সঙ্গে কথা বলে তাঁদের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, নেতানিয়াহু প্রেসিডেন্ট পেরেজকে বলেছেন, জাতীয় ঐকমত্যের সরকার হলে দেশে স্থিতিশীলতা ফিরে আসবে। নিরাপত্তা ও অর্থনীতির ক্ষেত্রে এমন সরকার ইসরায়েলের জন্য অনেক ভালো হবে।ইসরায়েলি সেনাবাহিনীর বেতারে বলা হয়, প্রেসিডেন্ট পেরেজ জাতীয় ঐকমত্যের সরকার গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। এএফপি।