ইসরায়েলে ড্রোন পাঠানোর কথা স্বীকার হিজবুল্লাহর
ইসরায়েলের আকাশে ড্রোন (চালকবিহীন বিমান) পাঠানোর কথা স্বীকার করেছে লেবাননের কট্টরপন্থী সংগঠন হিজবুল্লাহ। হিজবুল্লাহ পরিচালিত টেলিভিশন আল-মানারকে সংগঠনটির নেতা শেখ হাসান নাসারাল্লাহ গত বৃহস্পতিবার এ কথা জানান। হাসান নাসারাল্লাহ বলেন, চালকবিহীন ওই বিমানটি ইরানে প্রস্তুত। তবে এর যন্ত্রাংশগুলো লেবাননেই জোড়া লাগানো হয়েছে। এটি সমুদ্র ও অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পাড়ি দিয়ে ইসরায়েলে পৌঁছায়। ড্রোনটি ইসরায়েলের ‘স্পর্শকাতর’ এলাকার ওপর দিয়ে উড়ে যায় বলে তিনি দাবি করেন। হাসান নাসারাল্লাহ আরও বলেন, ইসরায়েলের আগ্রাসন ঠেকাতে তাঁরা ইরানের সহায়তা নিচ্ছেন। হিজবুল্লাহকে শক্তিশালী করতে তাঁরা আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারে সচেষ্ট রয়েছেন।বিবিসির কায়রো প্রতিনিধি জন লেন বলেন, হিজবুল্লাহ নেতা এই ‘স্পর্শকাতর’ এলাকা বলতে ইসরায়েলের পারমাণবিক স্থাপনা ডায়মোনাকে বুঝিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ২০০৬ সালে সংগঠনের পক্ষ থেকে ইসরায়েলে ড্রোন পাঠানো হয়েছিল বলে দাবি করেন নাসারাল্লাহ। তিনি বলেন, ‘গত সপ্তাহের ড্রোন নিক্ষেপটি শেষ বা শুরু নয়। আমরা ইসরায়েলের যেকোনো অঞ্চলে এ ধরনের হামলার ক্ষমতা রাখি।’ ড্রোনটি গত সপ্তাহে ভূমধ্য-অঞ্চল থেকে ইসরায়েলের উত্তরের নাভেগ মরুভূমিতে পৌঁছানোর পর ইসরায়েলি যুদ্ধবিমান সেটিকে গুলি করে ভূপাতিত করে। এর আগেই এটি ইসরায়েলের প্রায় ৫৫ কিলোমিটার ভেতরে ঢুকে পড়ে। তবে ড্রোনটিতে কোনো বিস্ফোরক ছিল না।ড্রোনটি ভূপাতিত করার পর মিসরের সীমান্তবর্তী ইসরায়েলি এলাকা পরিদর্শনকালে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ‘গত সপ্তাহেই আমরা হিজবুল্লাহর একটি হামলা প্রতিহত করেছি। ভবিষ্যতে আরও শক্তি নিয়ে আমরা এ ধরনের হুমকি প্রতিহত করব।’ বিবিসি।