ইসরায়েলে ব্যাপক অর্থনৈতিক সংস্কারের দাবিতে গত শনিবার রাতে কমপক্ষে আড়াই লাখ মানুষ নজিরবিহীন বিক্ষোভ করেছে। এ ঘটনার পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গতকাল রোববার পরিবর্তনের পক্ষে অঙ্গীকার ব্যক্ত করেছেন। সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠকের আগে তিনি এ অঙ্গীকারের কথা বলেন।স্বল্পমূল্যে আবাসন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার দাবিতে তিন সপ্তাহ আগে তেলআবিবের রাস্তায় শুরু হওয়া বিক্ষোভ এখন নেতানিয়াহুর মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে। মধ্যবিত্ত ইসরায়েলিদের দৃষ্টিতে নেতানিয়াহু বড় ধরনের ব্যবসার প্রতি আন্তরিক। নেতানিয়াহুর এক সহযোগী বলেন, সরকার একচেটিয়া ও জোট ব্যবসা ভেঙে দেওয়ার পরিকল্পনা করছে। একই সঙ্গে তিনি ইসরায়েলের অর্থনৈতিক মন্দার জন্য এসব ব্যবসাকে দায়ী করেন।পুলিশের মুখপাত্র মিকি রোজেফেল্ড জানান, তেলআবিবে দুই লাখ ও জেরুজালেমে ৩০ হাজার মানুষ বিক্ষোভ করে। এ ছাড়া অন্যান্য শহরে আরও ২০ হাজার মানুষ বিক্ষোভ করে।ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রায় তিন লাখ মানুষ ওই বিক্ষোভে অংশ নিয়েছে। ধারণা করা হচ্ছে, জীবনযাত্রার ব্যয় বাড়ার মতো সামাজিক ইস্যুতে ইসরায়েলের ইতিহাসে এটাই সবচেয়ে বড় বিক্ষোভ। ইসরায়েলের গণমাধ্যমও বিক্ষোভে ব্যাপক সমর্থন দিয়েছে। হারেৎজ পত্রিকায় এই বিক্ষোভকে অভ্যুত্থান হিসেবে বর্ণনা করা হয়েছে।বিক্ষোভকারীদের ভোগান্তির কথা স্বীকার করে সরকারি রেডিওকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, ‘সামাজিক বিক্ষোভের বিশালতাকে আমরা অবজ্ঞা করতে পারি না।’ তিনি বলেন, ‘আমরা জানি, আমাদের পরিবর্তন দরকার এবং আমরা এটা করব। আমরা দেখাব, আমরা দায়িত্বশীল এবং বিক্ষোভকারীদের দাবির প্রতি আন্তরিক।’নেতানিয়াহু বলেন, ‘আমরা প্রকৃত সংলাপ শুরু করতে চাই এবং যাঁরা সমাধানের প্রস্তাব দিতে চান, তাঁদের প্রত্যকের কথাই শুনব। এমনকি, সব দাবি পূরণ করতে না পারলেও আমরা তাঁদের কথা শুনব।’নেতানিয়াহু জানান, তিনি একটি ‘বিশেষ দল’ গঠন করছেন। এ দলের প্রধান হবেন ইসরায়েলের উচ্চশিক্ষাবিষয়ক জাতীয় পরিষদের প্রধান ম্যানুয়েল ট্রাচটেনবার্গ। তবে সংলাপ শুরুর জন্য নেতানিয়াহুর প্রস্তাবিত অপর কমিটির নিয়োগের ব্যাপারে পরিষ্কার কিছু জানা যায়নি।ইতিমধ্যে নেতানিয়াহু বলেছেন, তিনি বিক্ষোভ গুরুত্বের সঙ্গে নিয়েছেন এবং সংস্কার বাস্তবায়নের জন্য কাজ করবেন। তবে বিক্ষোভের ব্যাপারে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এ ধরনের তৎপরতা ইসরায়েলকে অর্থনৈতিক সংকটের দিকে নিয়ে যেতে পারে।তবে বিক্ষোভকারীরা তাদের দাবি গুরুত্বের সঙ্গে না নেওয়ার জন্য নেতানিয়াহুকে দোষারোপ করেছে এবং নির্মাণ ঠিকাদারদের নীতিমালা শিথিল করা বিষয়ক আইনে তাঁর সমর্থনে বিক্ষোভকারীরা ক্ষুব্ধ হয়েছে। ইসরায়েলের পার্লামেন্টের গ্রীষ্মকালীন অধিবেশনের আগে ওই আইন পাস হয়েছে। এএফপি ও এপি।