ইসরায়েলে সাবেক নারী সেনার কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি সংবাদপত্রের কাছে সামরিক বাহিনীর গোপন নথিপত্র ফাঁসের অভিযোগে ইসরায়েলের একটি আদালত গতকাল রোববার এক সাবেক নারী সেনাকে সাড়ে চার বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন। তবে রায়ের বিরুদ্ধে তিনি আপিল করতে পারবেন।দুই হাজারেরও বেশি গোপন সামরিক নথি চুরির অভিযোগে ২০০৯ সালের ডিসেম্বরে আনাত কাম নামের ওই নারী সেনাকে গ্রেপ্তার করা হয়। এসব নথির মধ্যে রয়েছে সামরিক বাহিনীর অভিযান পরিচালনার পরিকল্পনা ও সেনা মোতায়েনের বিস্তারিত তথ্য। আনাত ২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত ইসরায়েলের সেনাবাহিনীতে কাজ করেছেন। তবে গ্রেপ্তারের পর থেকে তিনি গৃহবন্দী রয়েছেন।আনাতের ফাঁস করা কিছু তথ্য হারেৎজ পত্রিকার একটি প্রতিবেদনের সূত্র হিসেবে ব্যবহার করা হয়। এই প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ইসরায়েলের সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে সেনাবাহিনীকে ফিলিস্তিনি জঙ্গিদের হত্যার লক্ষ্যবস্তু করার নির্দেশ দিয়েছে সরকার।আনাত কান বলেছেন, তাঁর তৎপরতা মতাদর্শগতভাবে উদ্বুদ্ধ ছিল এবং তিনি ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি সেনাবাহিনীর নীতি ফাঁস করতে চেয়েছিলেন। এএফপি।