ফিলিস্তিনের প্রয়াত নেতা ইয়াসির আরাফাত ইসরায়েলে হামলা চালানোর জন্য কট্টরপন্থী দল হামাসের প্রতি আহ্বান জানিয়েছিলেন। গত মঙ্গলবার হামাসের জ্যেষ্ঠ নেতা মাহমুদ জাহার এ দাবি করেন। হামাসপন্থী পত্রিকা ফালাস্তিন-এ গতকাল বুধবার তাঁর এই বক্তব্য প্রকাশিত হয়।দ্বিতীয় ইন্তিফাদা বা গণআন্দোলন ১০ বছর পূর্তি উপলক্ষে দলীয় সাংসদদের এক সভায় মাহমুদ জাহার দাবি করেন, ইসরায়েলে বেশ কয়েকবার সামরিক অভিযান চালানোর জন্য হামাসকে সংকেত দিয়েছিলেন ইয়াসির আরাফাত। তাঁর সময়ে অনেকবার ফিলিস্তিন-ইসরায়েল শান্তি আলোচনা হয়েছে। এসব আলোচনা চলার সময় তা ব্যর্থ হতে পারে—এমন আশঙ্কা হলেই আরাফাত ইসরায়েলে হামলা চালানোর জন্য হামাসের প্রতি আহ্বান জানাতেন। নতুন করে ইহুদি বসতি সম্প্রসারণের কাজ শুরু হওয়ার পরিপ্রেক্ষিতে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ বারাকের মধ্যে চলা সর্বশেষ শান্তি আলোচনাও ভেস্তে যাওয়ার পথে। এ সময় হামাসের নেতা জাহার এ দাবি করলেন। হামাস অবশ্য ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে এই আলোচনার বিরোধিতা করে আসছে।মাহমুদ জাহার বলেন, ইয়াসির আরাফাত ইন্তিফাদাকে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি জনগণের স্বতঃস্ফূর্ত গণজাগরণ বলে মনে করতেন। তিনি বলতেন, কট্টরপন্থী হামাসের ওপর তাঁর কোনো নিয়ন্ত্রণ নেই। ইসরায়েলের বেসামরিক জনগণকে লক্ষ্য করে বিভিন্ন সময় হামাস ও তাঁর নিজের দল ফাত্তাহর সামরিক শাখা আল-আকসা মার্টায়ার্স ব্রিগেডের হামলারও নিন্দা জানাতেন আরাফাত।২০০৪ সালের নভেম্বরে প্যারিসের একটি হাসপাতালে ইয়াসির আরাফাত মারা যান। এএফপি।