ইসরায়েলের অবস্থান জানতে চাইবেন হিলারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন শিগগিরই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলবেন। অধিকৃত পূর্ব জেরুজালেমে বসতি স্থাপন বিষয়ে ইসরায়েলের অবস্থান জানতে চাইবেন তিনি। ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলি পুলিশের ব্যাপক সংঘর্ষের পর গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। এদিকে জেরুজালেমে গতকাল বুধবার আল-আকসা মসজিদ চত্বর খুলে দেওয়া হয়েছে।মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ফিলিপ ক্রাউলি সাংবাদিকদের বলেন, ‘মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ও ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু “খুব শিগগির” কথা বলবেন বলে আশা করছি।’গত শুক্রবারও নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। ওই সময় তিনি নেতানিয়াহুকে বলেন, ইসরায়েলের নতুন করে বসতি স্থাপনের ঘোষণা ইসরায়েল-ফিলিস্তিনের পরোক্ষ আলোচনার প্রতি ‘নেতিবাচক সংকেত’।হিলারি ক্লিনটন হোয়াইট হাউসে বলেন, মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা শুরুর ব্যাপারে ওয়াশিংটন ইসরায়েলের সঙ্গে ‘সক্রিয় পরামর্শ’ করে। তিনি বলেন, ‘আমরা ইসরায়েলের নিরাপত্তার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল খুব ভালো বন্ধু এবং দুই দেশের জনগণের মধ্যেও অটুট বন্ধন রয়েছে।মধ্যপ্রাচ্যে সংশ্লিষ্ট সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেন, জেরুজালেম বিষয়ে ‘চূড়ান্ত আলোচনা’ করতে হবে। কৌশলপূর্ণ কথা না বলে সরাসরি বলা যায়, ইসরায়েলের বসতি স্থাপনের ঘোষণা আন্তর্জাতিক আইন অনুযায়ী অবৈধ।ইসরায়েলি বসতি স্থাপনের ঘোষণার নিন্দা জানিয়ে জাতিসংঘের মহাসচিব বলেন, ইসরায়েলি নেতাদের সঙ্গে তাঁর আসন্ন বৈঠকে তিনি এ বিষয়ে গুরুত্ব দেবেন। বান কি মুন জানান, মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ার মধ্যস্থতাকারী কোয়াট্রেট—জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও রাশিয়া কাল শুক্রবার মস্কোতে আলোচনায় বসবে। তিনিও ওই বৈঠকে যোগ দেবেন। বৈঠকে ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে পরোক্ষ আলোচনা শুরুর ব্যাপারে ‘অতিরিক্ত পদক্ষেপের’ বিষয়ে আলোচনা হবে। ইসরায়েলি পুলিশের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষের এক দিন পর আল-আকসা মসজিদ চত্বর খুলে দেওয়া হয়েছে। ইসরায়েলি পুলিশের মুখপাত্র মিকি রোজেনফেল্ড বলেন, মসজিদ চত্বর খুলে দেওয়া হলেও যেকোনো সহিংসতা ঠেকাতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। এএফপি।