ইসরায়েলের এইলাত শহরে রকেট হামলা
ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় এইলাত শহরে গতকাল বুধবার অন্তত দুটি রকেট আঘাত হেনেছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।পুলিশ সূত্রে জানা গেছে, রকেট দুটি শহরের খোলা জায়গায় আছড়ে পড়ে। এ জন্য কোনো কিছু বিধ্বস্ত কিংবা কেউ আহত হয়নি। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, রকেটগুলো মিসরের সিনাই এলাকা থেকে ছোড়া হয়। কারা এর পেছনে রয়েছে, তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে তদন্ত চলছে। এ ঘটনায় এইলাত শহরের বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয় এবং নিরাপত্তা জোরদার করা হয়। এইলাত লোহিত সাগরের একটি জনপ্রিয় পর্যটন শহর। এর আগেও প্রতিবেশী মিসর ও জর্ডান থেকে এই শহরে এ ধরনের রকেট হামলা চালানো হয়। শহরটিতে চলতি মাসের শুরুর দিকে স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী ব্যবস্থা স্থাপন করা হয়। এইলাত শহরে অন্তত ৫০ হাজার লোকের বাস। প্রতিবছর লাখো পর্যটক সেখানে ছুটি কাটাতে যান।গত বছরও শহরটিতে বেশ কয়েকটি রকেট ছোড়া হয়। তবে এতেও কেউ আহত হয়নি। অধিকাংশ রকেট ছোড়া হয় সিনাই থেকে। ২০১১ সালে মিসরের প্রেসিডেন্ট হোসনি মোবারককে ক্ষমতাচ্যুত করার পর থেকে সিনাইয়ে সরকারের নিয়ন্ত্রণ কমে এসেছে। বিবিসি।