ইসরায়েল থেকে নিজ নিজ রাষ্ট্রদূতকে ডেকে আনার কথা ভাবছে ব্রিটেন ও ফ্রান্স। পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরের দখল করা ভূখণ্ডে ইসরায়েলের অবৈধ বাড়ি নির্মাণ পরিকল্পনার প্রেক্ষাপটে বিষয়টি বিবেচনা করছে দেশ দুটি। ইতিমধ্যে এ পরিকল্পনার প্রতিবাদে উভয় দেশ ইসরায়েলি রাষ্ট্রদূতদের তলব করেছে। ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করেছে সুইডেনও। গতকাল সোমবার বিবিসি ও ইসরায়েলের হারেৎজ পত্রিকার খবরে এসব কথা বলা হয়।জাতিসংঘ ফিলিস্তিনের মর্যাদা বৃদ্ধির এক প্রস্তাবের পক্ষে ভোট দেওয়ার এক দিন পর গত শুক্রবার পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরে নতুন করে তিন হাজার অবৈধ বাড়ি নির্মাণের ঘোষণা দেয় ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইতিমধ্যে এ পরিকল্পনা এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেছেন।জাতিসংঘে ফিলিস্তিনের মর্যাদা ‘পর্যবেক্ষক ভূখণ্ড’ থেকে ‘সদস্য নয় এমন পর্যবেক্ষক রাষ্ট্রে’ উন্নীত করতে সাধারণ পরিষদে ওই প্রস্তাব উত্থাপন করেন ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। মর্যাদা বৃদ্ধির প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবেই ইসরায়েল ওই পরিকল্পনার ঘোষণা দেয় বলে একটি ইসরায়েলি সরকারি সূত্র নিশ্চিত করেছে।ব্রিটেন বলেছে, ইসরায়েলি পরিকল্পনা ‘ফিলিস্তিনিদের সঙ্গে শান্তি প্রতিষ্ঠায় দেশটির প্রতিশ্রুতি’কে সন্দেহের মধ্যে ফেলবে। ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলকে তারা সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানাচ্ছে। পরিকল্পনা বাস্তবায়ন করলে ‘শক্ত প্রতিক্রিয়া’ দেখানোরও হুমকি বিবৃতিতে দেওয়া হয়। একজন জ্যেষ্ঠ ইউরোপীয় কূটনীতিবিদ হারেৎজকে বলেন, এখন কেবল নিন্দাজ্ঞাপনের সময় নয়; ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার সময় এসেছে। অপর এক কূটনীতিকের বরাত দিয়ে পত্রিকাটি বলেছে, ‘লন্ডন ই-ওয়ান পরিকল্পনায় (পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরের মালেহ অ্যাডুমিম বসতির মধ্যবর্তী স্থানে বাড়ি নির্মাণ পরিকল্পনা) ক্ষুব্ধ।’রাষ্ট্রদূত প্রত্যাহার নিয়ে ব্রিটেন ও ফ্রান্স গতকালই কোনো একসময় চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে বলেও জানিয়েছে হারেৎজ। আর রাশিয়া ও জার্মানি ইসরায়েলি পরিকল্পনায় তাদের বিরোধিতার কথা জানিয়েছে।বান কি মুনের হুঁশিয়ারি: ইসরায়েলি বসতি নির্মাণ পরিকল্পনা শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনাকে মারাত্মকভাবে বিঘ্নিত করবে বলে গত রোববার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন।মহাসচিব বলেন, এটি বাস্তবায়িত হলে পূর্ব জেরুজালেমে বসবাসরত ফিলিস্তিনিরা পশ্চিম তীরের অবশিষ্টাংশ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়বে। এক বিবৃতিতে তিনি বলেন, তথাকথিত ই-ওয়ান এলাকায় ওই বাড়ি নির্মাণের পরিকল্পনা বাতিল না হলে ‘দুই রাষ্ট্র সমাধান’ নীতি বাস্তবায়নের যতটুকু আশা এখনো রয়েছে, তাও মারাত্মকভাবে বিঘ্নিত হবে। বিবিসি।