ইসরায়েলের কাছে বাংকার-বিধ্বংসী বোমা বিক্রি করেছেন ওবামা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা মুখে ফিলিস্তিনকে ছাড় দেওয়ার জন্য ইসরায়েলের প্রতি চাপ দিলেও গোপনে দেশটির কাছে অত্যাধুনিক বাংকার-বিধ্বংসী বোমা বিক্রি করেছেন। প্রভাবশালী মার্কিন সাময়িকী নিউজউইক-এর এক বিশেষ প্রতিবেদনে এ দাবি করা হয়েছে। খবরে বলা হয়েছে, ওবামা গোপনে ইসরায়েলি সেনাবাহিনীর কাছে শক্তিশালী বাংকার-বিধ্বংসী বোমাসহ বিভিন্ন ধরনের অস্ত্র-সরঞ্জাম বিক্রির অনুমোদন করেছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্রমবর্ধমান সামরিক সহযোগিতা-সংক্রান্ত একটি বিশেষ প্রতিবেদন আগামীকাল সোমবার প্রকাশিত হবে নিউজউইক-এ। পত্রিকাটির অনলাইন সংস্করণে আগাম এর কিছু অংশ প্রকাশ করা হয়েছে। দেশ দুটির কর্মকর্তারা নিউজউইককে বলেছেন, ‘জিবিইউ-২৮ হার্ড টার্গেট পেনিট্রেটরস’ নামের ওই বাংকার-বিধ্বংসী বোমাটি ২০০৯ সালেই ইসরায়েলকে সরবরাহ করে যুক্তরাষ্ট্র। সেটি ইরানের পরমাণুকেন্দ্রগুলোর বিরুদ্ধে সম্ভাব্য সামরিক ব্যবস্থার সময় কাজে লাগাতে পারবে ইসরায়েল। রাষ্ট্রের স্বীকৃতির আবেদনে প্রেসিডেন্ট ওবামার বিরোধিতা করায় ফিলিস্তিনি এলাকায় মার্কিন ও ওবামাবিরোধী মনোভাব যখন তুঙ্গে, ঠিক তখন এই খবর বের হলো। নিউজ উইক।