ইসরায়েলের জাদুঘরে হিটলারের সমর্থনে দেয়ালচিত্র!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসরায়েলের জেরুজালেম শহরের ইয়াদ ভাশেম হলোকোস্ট জাদুঘরে একটি দেয়ালচিত্র পাওয়া গেছে। কিন্তু এর লেখা পড়লে যে কেউ থমকে যেতে পারেন! এতে জার্মানির নাৎসি নেতা অ্যাডলফ হিটলারকে ধন্যবাদ জানানো হয়েছে। ইহুদিদের নির্বিচারে হত্যার জন্য হিটলারের প্রতি সমর্থন জানানো হয়! দেয়ালচিত্রে বড় বড় সাতটি স্লোগান রয়েছে। একটিতে বলা হয়, ‘চমৎকার ইহুদি নিধনের জন্য হিটলার তোমাকে ধন্যবাদ। জাতিসংঘে আমরা একটি রাষ্ট্র পেয়েছি কেবল তোমারই জন্য।’ অন্য স্লোগানগুলোতে বলা হয়, ‘ইহুদিবাদী নেতৃত্বই হলোকোস্ট চেয়েছিল’ এবং ‘হিটলার না থাকলে ইহুদিবাদীরাই তাঁকে সৃষ্টি করত’, ‘ইহুদি সরকারের লড়াই এবং সাধারণ ইহুদিদের লড়াই এক নয়’ ইত্যাদি। এসব স্লোগানে ইসরায়েল রাষ্ট্রের বিরোধিতাকারী কট্টরপন্থী ইহুদিদের দোষারোপ করা হয়।লাল, সাদা ও কালো রঙের এসব দেয়ালচিত্র হিব্রু ভাষায় হাতের লেখা। এতে ‘বৈশ্বিক নৈরাশ্যবাদী মাফিয়া’ নামে স্বাক্ষর রয়েছে। পুলিশের মুখপাত্র মিকি রোসেনফেল্ড ওই দেয়ালচিত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে তদন্ত শুরু হয়েছে।ইয়াদ ভাশেম ইসরায়েলের প্রধান জাদুঘর। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ইউরোপের বিভিন্ন স্থানে নাৎসিদের হাতে নিহত ৬০ লাখ ইহুদির স্মরণে ওই জাদুঘর স্থাপন করা হয়। এএফপি।