ইসরায়েলের নতুন বসতি স্থাপন পরিকল্পনার নিন্দা যুক্তরাষ্ট্রের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধিকৃত পূর্ব জেরুজালেমে নতুন এক হাজার ৬০০টি ভবন নির্মাণের পরিকল্পনা অনুমোদন দেওয়ার ইসরায়েলি ঘোষণার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েল সফররত মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল বুধবার এ নিন্দা জানান। একই ঘটনায় নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুনও।মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা শুরুর মার্কিন উদ্যোগের অংশ হিসেবে ইসরায়েল সফর করছেন জো বাইডেন। গতকাল পশ্চিম তীর এলাকায় ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও প্রধানমন্ত্রী সালাম ফাইয়াদের সঙ্গে বৈঠকের আগে বাইডেন বলেন, ‘ইসরায়েল সরকারের পূর্ব জেরুজালেমে বসতি স্থাপন কার্যক্রম সম্প্রসারণের সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাচ্ছি আমি। এমন একসময় এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে, যখন সংশ্লিষ্ট পক্ষগুলোর পরস্পরের প্রতি আস্থা স্থাপন করা দরকার।’ওয়াশিংটনে হোয়াইট হাউসের মুখপাত্র রবার্ট গিবসও বাইডেনের বক্তব্যের প্রতিধ্বনি করেছেন। গিবস বলেন, ‘একটি গঠনমূলক আলোচনা শুরু করার আগে এ ধরনের পদক্ষেপ নেতিবাচক ফল বয়ে আনবে।’ সোমবার মধ্যপ্রাচ্যবিষয়ক মার্কিন বিশেষ দূত জর্জ মিশেলের মধ্যস্থতায় ইসরায়েল ও ফিলিস্তিনের পরোক্ষ আলোচনা শুরু হয়।জাতিসংঘের মহাসচিব বান কি মুনও ইসরায়েলের এ সিদ্ধান্তের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন। তিনি বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী এ বসতি স্থাপনের কার্যক্রম অবৈধ। একটি ফলপ্রসূ শান্তিপ্রক্রিয়া এগিয়ে নিতে এ ধরনের পদক্ষেপ বাধা তৈরি করবে।ফিলিস্তিনিরা পূর্ব জেরুজালেমকে তাদের প্রস্তাবিত রাষ্ট্রের রাজধানীর অংশ মনে করে। আন্তর্জাতিক সম্প্রদায়ও এ এলাকাটিকে অধিকৃত এলাকা হিসেবে বিবেচনা করে। তবে ১৯৬৭ সালের যুদ্ধে দখল করা এ এলাকাটিকে নিজেদের অংশ হিসেবে দাবি করে ইসরায়েল সরকার।বসতি স্থাপন পরিকল্পনার সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের মুখপাত্র নাবিল আবু রুদেইন বলেন, ‘এটা একটি বিপজ্জনক সিদ্ধান্ত। এ পদক্ষেপ আলোচনাকে বিঘ্নিত করতে পারে। বিষয়টিকে আমরা এভাবে বিবেচনা করছি—শান্তি আলোচনার ব্যাপারে যুক্তরাষ্ট্রের উদ্যোগ শুরু হওয়ার আগেই ব্যর্থ হয়েছে।’তবে আত্মপক্ষ সমর্থন করে ইসরায়েলিরা বলছে, আমলাতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে এ অনুমোদন দেওয়া হয়েছে। এর সঙ্গে মার্কিন ভাইস প্রেসিডেন্টের সফরের কোনো সম্পর্ক নেই। এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে জো বাইডেন বলেন, ‘ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে সত্যিকারের সুযোগ তৈরি হয়েছে।’ আজ বৃহস্পতিবার জর্ডান সফরের কথা মার্কিন ভাইস প্রেসিডেন্টের। বিবিসি, পিটিআই, এএফপি।