ইসরায়েলের পাল্টা ক্ষেপণাস্ত্র-ব্যবস্থা
ইসরায়েল পাল্টা ক্ষেপণাস্ত্র-ব্যবস্থা গড়ে তুলেছে। এর ফলে এখন থেকে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম হবে দেশটি। বর্তমানে এই পাল্লার ক্ষেপণাস্ত্র ইরান ও সিরিয়ার হাতে রয়েছে।গতকাল সোমবার বিভিন্ন গণমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ‘ব্লক-৪’ নামের নতুন এই ‘অ্যারো-২’ সিস্টেমটি আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ভান্ডারে মজুদ করা হবে।দেশটির একজন নিরাপত্তা কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে নিশ্চিত করেছেন, হেৎজ-২ ক্ষেপণাস্ত্রে নতুন সিস্টেমটি এখন তাঁদের হাতে। তবে তিনি এর চেয়ে বেশি কিছু বলেননি।গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নতুন ব্যবস্থায় ইরানের ‘শাহাব’ ও ‘সেজিল’ এবং সিরিয়ার ‘স্কুড ডিএস’-এর মতো মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করা যাবে। ইসরায়েলি সেনাবাহিনী এখন ‘অ্যারো-৩’ সিস্টেম নিয়ে কাজ করছে। আগামী দু-তিন বছরের মধ্যে এটিরও কাজ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। এ ছাড়া ‘ডেভিডস স্লিং’ নামের আরেক ধরনের সিস্টেম তৈরি করা হচ্ছে। এটি দিয়েও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ধ্বংস করা সম্ভব।এর বাইরে ইসরায়েলি সেনাবাহিনীর হাতে রকেটবিধ্বংসী ব্যবস্থা ‘আয়রন ডম’ও রয়েছে। এর মাধ্যমে চার থেকে সত্তর কিলোমিটারের মধ্যে থাকা রকেট ধ্বংস করা যায়। সাধারণত গাজা ভূখণ্ড থেকে হামাসের ছোড়া রকেটগুলো এর মাধ্যমে নিষ্ক্রিয় করা হয়।পরীক্ষার সময় সফলভাবে ইরানের শাহাব ক্ষেপণাস্ত্রের মতো সমান ক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম হয়েছে অ্যারো-২। রাত ও দিন এবং সব ধরনের পরিবেশেই চালানো পরীক্ষায় সফল হয়েছে নতুন সিস্টেমটি।অ্যারো প্রযুক্তির প্রথম ধাপ তৈরির ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সরকার ৮০ শতাংশের বেশি খরচ বহন করেছে। ১৯৯১ সাল থেকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র অ্যারো তৈরিতে তহবিল সংগ্রহ করে আসছে। এএফপি।