মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় মধ্যস্থতাকারীদের জোট (কোয়ার্টেট) জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও রাশিয়া অধিকৃত পূর্ব জেরুজালেমে বসতি স্থাপন বন্ধ করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে। গতকাল শুক্রবার রাশিয়ার রাজধানীমস্কোয় এক বৈঠকের পর এ আহ্বান জানানো হয়। বসতি স্থাপন বন্ধে মধ্যস্থতাকারীদের এ আহ্বানকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। খবর এএফপি’র।মস্কোয় বৈঠক শেষে কোয়ার্টেটের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়। জাতিসংঘের মহাসচিব বান কি মুন বিবৃতিটি পড়ে শোনান। তিনি বলেন, ‘নতুন করে বসতি স্থাপন বন্ধের জন্য আমরা ইসরায়েলের প্রতি আহ্বান জানাচ্ছি। তাদের উচিত বসতি স্থাপন বন্ধ করা। কারণ, আন্তর্জাতিক সম্প্রদায় একতরফা কোনো সিদ্ধান্তকে স্বীকৃতি দেবে না।’বান জানান, বৈঠকে গাজার মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কোয়ার্টেটের প্রতিনিধিরা। পাশাপাশি দুই বছরের মধ্যে একটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর লক্ষ্য নিয়ে ফিলিস্তিন ও ইসরায়েলকে আলোচনায় বসার আহ্বান জানানো হয়েছে।বৈঠকে বান কি মুন, হিলারি ক্লিনটন ছাড়াও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও ইউরোপিয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাশটন অংশ নেন। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারও বৈঠকে যোগ দেন।বসতি স্থাপন বন্ধে ইসরায়েলে প্রতি মধ্যস্থতাকারী কোয়ার্টেটের আহ্বানকে স্বাগত জানিয়ে ফিলিস্তিনের প্রধান আলোচক সায়েব এরেকাত বলেন, ‘আমরা আশা করি এ আহ্বানে সাড়া দিয়ে পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরে ইসরায়েল বসতি স্থাপন বন্ধ করবে।’মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ফিলিস্তিন-ইসরায়েল পরোক্ষ আলোচনা শুরুর প্রাক্কালে ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেমে নতুন করে এক হাজার ৬০০ বসতি নির্মাণের ঘোষণা দেয়। ফলে দীর্ঘদিন বন্ধ থাকা শান্তি প্রক্রিয়া পরোক্ষ আলোচনা শুরু আগেই বন্ধ হয়ে যায়।