ইসরায়েলের বসতি স্থাপনের ঘোষণাকে ‘নেতিবাচক সংকেত’ বললেন হিলারি
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন পূর্ব জেরুজালেমে নতুন করে বসতি স্থাপনে ইসরায়েলের ঘোষণাকে ‘নেতিবাচক সংকেত’ বলে আখ্যা দিয়েছেন। এ ঘোষণার ফলে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ফিলিস্তিন-ইসরায়েল পরোক্ষ আলোচনা সংশয়ের মধ্যে পড়েছে বলেও উল্লেখ করেন তিনি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, বসতি স্থাপনের ঘোষণা সম্পর্কে তিনি জানতেন না। এ জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে শাস্তি দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় মধ্যস্থতাকারী ‘কোয়ার্টেট’— জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও রাশিয়া গতকাল শুক্রবার ইসরায়েলের ঘোষণার নিন্দা জানিয়েছে। রয়টার্স।মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র পি জে ক্রাউলি জানান, পররাষ্ট্রমন্ত্রী হিলারি টেলিফোন করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে তাঁর হতাশা ব্যক্ত করেছেন। হিলারি বলেন, ইসরায়েলের এ ধরনের মানসিকতা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে নেতিবাচক সংকেত হিসেবেই কাজ করবে। তিনি শান্তি প্রক্রিয়ার ওপর আস্থা স্থাপনের জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানান। হিলারি ক্লিনটন বলেন, ‘ইসরায়েলের নিরাপত্তায় আমরা দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। এর মধ্যেও ইসরায়েলের নতুন করে বসতি স্থাপনের ঘোষণায় আমি বিস্মিত।’মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, শুধু মুখের কথায় নয়, নির্দিষ্ট পদক্ষেপের মাধ্যমে ইসরায়েলকে বোঝাতে হবে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক এবং শান্তি প্রক্রিয়ার প্রতি তাদের আস্থা আছে। পি জে ক্রাউলি আরও জানান, মধ্যপ্রাচ্যে নিযুক্ত মার্কিন দূত জর্জ মিশেল এবং সহকারী পররাষ্ট্রমন্ত্রী জেফরি ফেল্টম্যান পরোক্ষ আলোচনায় অংশ নিতে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসসহ ওই অঞ্চলের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। মিশেল আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্যে যাবেন। পরোক্ষ আলোচনা শুরুর ব্যাপারে আশাবাদী মার্কিন কর্তৃপক্ষ ।বসতি স্থাপনের ঘোষণা সম্পর্কে বেনিয়ামিন নেতানিয়াহুর না জানা প্রসঙ্গে ক্রাউলি বলেন, তাঁর কথা গ্রহণযোগ্য। তবে সরকারপ্রধান হিসেবে তাঁর একটা দায় আছে। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও রাশিয়া এক বিবৃতিতে বসতি স্থাপনে ইসরায়েলের ঘোষণার নিন্দা জানিয়ে বলেছে, তারা জেরুজালেমের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করবে। আগামী সপ্তাহে মস্কোয় অনুষ্ঠেয় বৈঠকে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। নিউইয়র্কে জাতিসংঘের মহাসচিব বান কি মুনের সঙ্গে আলোচনার সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি বলেন, মস্কোয় অনুষ্ঠেয় ওই বৈঠক শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা পুনরায় শুরু করার দিকে অগ্রসর হওয়ার একটি দারুণ সুযোগ।