ইসরায়েলের সংরক্ষিত এলাকার ছবি ইরানের হাতে!
এ মাসের শুরুতে ইসরায়েলের আকাশসীমায় ড্রোন চালিয়ে দেশটির সামরিক ঘাঁটি ও সংরক্ষিত এলাকার ছবি সংগ্রহ করেছে ইরান। একজন ইরানি আইনপ্রণেতার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের খবরে গতকাল সোমবার এ কথা বলা হয়।ইসরায়েল তার আকাশসীমার ২৫ মাইল ভেতরে একটি ড্রোন গুলি করে ভূপাতিত করে। দুই দিন পর লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী ইসরায়েলে ড্রোন পাঠানোর দায়িত্ব স্বীকার করে জানায়, ড্রোনটি ইরানে তৈরি এবং সেটি সন্নিবেশিত করা হয়েছে লেবাননে।ইরানের বার্তা সংস্থা মেহেরের এক খবরে বলা হয়, পার্লামেন্টের প্রতিরক্ষা কমিটির প্রধান ইসমাইল কাওসারি গতকাল আরবি দৈনিক আল আলমকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ড্রোনটি ভূপাতিত করার আগে সেটি ইসরায়েলের ‘স্পর্শকাতর’ সামরিক স্থাপনার চিত্র সংগ্রহ করতে পেরেছিল। কাওসারি বলেন, ‘ড্রোনটি সেসব ছবি অনলাইনে আমাদের কাছে পাঠিয়ে দেয় এবং এখন সেগুলো আমাদের হাতে রয়েছে।’ বিবিসি।