ইসলাম ও সন্ত্রাসবাদকে আলাদা করতে মার্কিন নথি সংশোধন হচ্ছে
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইসলাম ও সন্ত্রাসবাদকে আলাদা করতে দেশটির জাতীয় নিরাপত্তা কৌশলের নথিপত্র সংশোধনের উদ্যোগ নিয়েছেন। ওই নথি থেকে ‘ইসলামিক র্যাডিক্যালিজম’ জাতীয় কিছু শব্দ মুছে ফেলতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি। সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশের আমলে এমন অনেক শব্দ ওই দলিলে যোগ করা হয়।যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্মকর্তারা জাতীয় নিরাপত্তা কৌশলের দলিলের খসড়া নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন। এ গাইড ফর কাউন্টার-টেররিজম কমিউনিকেশন নামের ওই খসড়ায় কোনো কিছুর সঙ্গে মুসলিম শব্দটি ব্যবহার না করতে মার্কিন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানানো হয়। এতে যুক্তরাষ্ট্র বনাম মুসলিম বা এ জাতীয় কোনো তুলনা থেকেও বিরত থাকার কথা বলা হয়। খসড়ায় বলা হয়, বিশ্বের জনসংখ্যার একটি বড় অংশ ইসলাম ধর্মের অনুসারী। কোনো কারণ ছাড়াই তাদের সঙ্গে দূরত্ব সৃষ্টি করা সুবিবেচনাপূর্ণ কাজ নয়।কর্মকর্তাদের উদ্দেশে বলা হয়, আল-কায়েদার মতো অনেক জঙ্গি গোষ্ঠী ইসলামের ভাবাবেগ ব্যবহার করছে। তার পরও আল-কায়েদাকে আমরা অবৈধ রাজনৈতিক সংগঠন, সন্ত্রাসী গোষ্ঠী বা অপরাধী গোষ্ঠী বলে অভিহিত করব। এসব সংগঠনকে চিহ্নিত করে এমনভাবে নাম ব্যবহার করা হবে, যাতে সেগুলো কোনো আইনি বৈধতা না পায়। সন্ত্রাসীদের চিহ্নিত করতে জিহাদি বা মুজাহিদ—এ জাতীয় শব্দ ব্যবহার না করার কথাও বলা হয়।দ্য কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (সিএআইআর) প্রেসিডেন্ট ওবামার এ নির্দেশেকে স্বাগত জানিয়েছে। সংগঠনের নির্বাহী পরিচালক নিহাদ আওয়াদ বলেন, ‘আমরা এ পদক্ষেপকে স্বাগত জানাই। এর ফলে মার্কিন মুসলিম নাগরিকেরা দেশে ও দেশের বাইরে ইতিবাচক মূল্যায়ন পাবে।’ তিনি গণমাধ্যম ও বিশ্লেষকদের নিরপেক্ষ শব্দ ব্যবহারের আহ্বান জানান।যুক্তরাষ্ট্রের জাতীয় সন্ত্রাসবাদবিরোধী কেন্দ্রের কর্মকর্তারা বলেন, যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদের সঙ্গে মুসলিমদের কোনো যোগসূত্র করতে চায় না। এ ব্যাপারে মুসলিমদের আশ্বস্ত করতেই নিরাপত্তার কৌশল পুনর্লিখনের উদ্যোগ নেওয়া হয়েছে।প্রেসিডেন্ট বুশের আমলের বিভিন্ন কাগজপত্রে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের বর্ণনা দিতে গিয়ে ইসলামি জঙ্গি ও একুশ শতকের শুরুর বছরগুলোতে এর সঙ্গে আদর্শিক দ্বন্দ্বের বিষয়টি তুলে ধরা হয়েছিল।২০০৮ সালে যুক্তরাষ্ট্রের জাতীয় সন্ত্রাসবাদবিরোধী কেন্দ্র ‘ওয়ার্ডস দ্যাট ওয়ার্ক অ্যান্ড ওয়ার্ডস দ্যাট ডোন্ট: এ গাইড ফর কাউন্টার-টেররিজম কমিউনিকেশন’ নামের একটি দলিল প্রকাশ করে। এতে আল-কায়েদা ও অন্য সন্ত্রাসী সংগঠনগুলোর সঙ্গে ইসলামি বা মুসলিম শব্দগুলো ব্যবহার না করার জন্য সরকারি কর্মকর্তা ও সংস্থাগুলোকে উৎসাহিত করা হয়।ক্ষমতা গ্রহণের পর থেকে মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রেসিডেন্ট ওবামা। গত জুন মাসে মিসরের কায়রো বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক এক বক্তব্যে ওবামা বলেন, মুসলিম বিশ্বের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো শত্রুতা নেই। বিশ্লেষকেরা মনে করছেন, প্রেসিডেন্ট ওবামার ওই অবস্থানের অংশ হিসেবে নিরাপত্তার কৌশল পুনর্লিখনের উদ্যোগ নেওয়া হয়েছে। দ্য ডন।