ইসলামপন্থীদের প্রত্যাখ্যানে ধাক্কা খেল আসাদবিরোধীরা
সিরিয়ার সরকারবিরোধীরা জোট গঠনের পর এখনো দুই সপ্তাহ পেরোয়নি। এরই মধ্যে বড় ধরনের সমস্যার মুখে পড়েছে তারা। গত সোমবার দেশটির ইসলামপন্থী বিদ্রোহীরা জানিয়েছে, তারা ওই জোট মানে না।কাতারের রাজধানী দোহায় গঠিত আসাদবিরোধীদের ওই জোটকে ইতিমধ্যে সিরিয়ার জনগণের একমাত্র বৈধ প্রতিনিধি হিসেবে স্বীকৃতি দিয়েছে উপসাগরীয় বিভিন্ন দেশ এবং তুরস্ক ও ফ্রান্স। কিন্তু তাদের প্রত্যাখ্যান করল আল-নুসরা ফ্রন্ট ও লিয়া আল-তাওহিদসহ ইসলামপন্থী কয়েকটি বিদ্রোহী গ্রুপ।ইসলামপন্থী গ্রুপগুলো তাদের সিদ্ধান্ত এবং সিরিয়াকে একটি ইসলামি দেশ হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্য জানিয়ে দিয়েছে ওয়েবসাইটে প্রকাশিত ভিডিও বিবৃতিতে। এতে করে বিরোধীদের জোট পশ্চিমাদের কাছ থেকে সে সামরিক সাহায্য পেতে চাইছে, তা বিঘ্নিত হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।ইসলামপন্থী বিদ্রোহীদের এক মুখপাত্র বলেন, ‘আমরা, আলেপ্পো শহর ও প্রদেশে লড়াইরত বাহিনীগুলো সর্বসম্মতভাবে বিরোধী জোট গঠনের ওই ষড়যন্ত্রকে প্রত্যাখ্যান করছি এবং সিরিয়াকে ইসলামি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার সর্বসম্মত সিদ্ধান্ত ঘোষণা করছি।’ওই মুখপাত্র আরও বলেন, ‘দেশের বাইরে বসে যারা জোট গঠন করে এবং তা আমাদের ওপর চাপিয়ে দিতে চায়, তারা যে-ই হোক না কেন, আমরা তাদের প্রত্যাখ্যান করি।’লেবাননের বৈরুতে অবস্থিত আমেরিকান বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক হিলাল খাসান বলেন, ইসলামপন্থী গ্রুপগুলোর ওই প্রত্যাখ্যান আসাদবিরোধী জোটের জন্য একটি বড় ধাক্কা।হিলাল খাসান আরও বলেন, তার পরও সিরিয়ার বিরোধী জোটকে অস্ত্র সরবরাহের ক্ষেত্রে এটা খুব বড় বাধা সৃষ্টি করবে বলে মনে হয় না। কেননা, পশ্চিমারা যদি সত্যিই সিরিয়ার উদার ও জাতীয়তাবাদীদের সহযোগিতা করতে চায়, তাহলে ইসলামপন্থীদের বিপরীতে তাদেরই অস্ত্র দিতে হবে।তবে সিরিয়ার বিদ্রোহী জোটের প্রধান দল ফ্রি সিরিয়ান আর্মির প্রধান আবদেল জব্বার আল-ওকায়দি জানান, তাঁদের জোটকে প্রত্যাখ্যান করে ইসলামপন্থী বিদ্রোহীদের বিবৃতি আলেপ্পোতে লড়াইরত সব গ্রুপের মতামত নয়। প্রত্যাখ্যানকারী গ্রুপগুলো আসলে সশস্ত্র বিদ্রোহীদের ছোট ছোট কয়েকটি বাহিনী। এএফপি।