ইসলামবিরোধী চলচ্চিত্র ৫টি দেশে ‘ব্লক’ করেছে গুগল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের অনুরোধে সার্চ ইঞ্জিন গুগল মিসর ও লিবিয়াসহ পাঁচটি দেশে ইসলামবিরোধী চলচ্চিত্র ইনোসেন্স অব মুসলিমস-এর ভিডিওচিত্র প্রদর্শন ‘ব্লক’ করে দিয়েছে। হোয়াইট হাউস চলচ্চিত্রটি আপলোড করার বিষয়টি পর্যালোচনার অনুরোধ করার পর গুগল এই পদক্ষেপ নেয়।সার্চ ইঞ্জিন গুগল ভিডিও আদান-প্রদানের ওয়েবসাইট ইউটিউবের মালিক। ইউটিউবের মাধ্যমে ইনোসেন্স অব মুসলিমস চলচ্চিত্রটি ছড়িয়ে পড়লে মুসলিম বিশ্বে ব্যাপক ক্ষোভের সূত্রপাত হয়।যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র টমি ভিয়েটর বলেন, ‘এমন ভিডিওচিত্র প্রচার করায় গুগলের ব্যবহারবিধি লঙ্ঘিত হয়েছে কি না, তা খতিয়ে দেখতে গুগল কর্তৃপক্ষের প্রতি আমরা আহ্বান জানিয়েছি।’ গুগল জানিয়েছে, ‘স্পর্শকাতর পরিস্থিতি’ সৃষ্টি হওয়ায় মিসর ও লিবিয়ায় ভিডিওচিত্রটি ব্লক করে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির একজন নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা নিজেদের অভ্যন্তরীণ অবস্থানের কথা উল্লেখ করে বলেন, ‘গুগলকে অন্যতম বড় একটি চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে।’দ্য ওয়াশিংটন পোস্ট-এর খবরে বলা হয়, ভিডিওচিত্রটি মিসর, লিবিয়া, আফগানিস্তান, ভারত ও ইন্দোনেশিয়ায় ব্লক করে দেওয়া হয়েছে। এএফপি।