
কানাডার কুইবেক শহরের মসজিদে গুলি করে ছয় মুসলিমকে হত্যার ঘটনায় রাজ্যের কট্টরপন্থী রেডিও স্টেশনগুলো তীব্র সমালোচনার মুখে পড়েছে। এই রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেও রেডিও স্টেশনগুলোর সমালোচনা করেছেন। স্থানীয়ভাবে এই স্টেশনগুলো ‘ট্র্যাশ রেডিও’ নামে পরিচিত। বলা হচ্ছে, এই রেডিও স্টেশনগুলো টক শো এবং বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে স্থানীয় সমাজে ইসলামভীতি ছড়াচ্ছে।
সমালোচকেরা আগে থেকেই অভিযোগ করে আসছিলেন, এসব স্টেশনে সম্প্রচারিত টক শোগুলোর আলোচনা বিভক্তির সৃষ্টি করছে এবং এর সুযোগ নিয়ে কট্টরপন্থী মতাদর্শ উজ্জীবিত হয়ে উঠছে। এরই মধ্যে স্থানীয় সময় গত রোববার সন্ধ্যার পর কুইবেক সিটির একটি মসজিদে ঢুকে নির্বিচারে গুলি চালানোর ঘটনা ঘটে।
কুইবেকের মুখ্যমন্ত্রী ফিলিপ কুইয়া কোনো বিশেষ ব্যক্তি বা সংগঠনের দিকে ইঙ্গিত না করে মঙ্গলবার বলেন, কথাও ভূমিকা রাখতে পারে।
সমালোচকদের দাবি, এফএম-৯৩ এবং রেডিও-এক্স-এর মতো স্থানীয় রেডিও স্টেশনগুলো বিপজ্জনক বিশ্বাসগুলোকে পুঁজি করছে।
কুইবেকের লাভা বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞানী স্টিফেন লেমান-ল্যাংলয়েস বলেন, এই ডানপন্থী রেডিও স্টেশনগুলোর সারবস্তু খুব সামান্যই। সংখ্যালঘু এবং মুসলিমদের নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে এরা সমাজে বিভেদ বাড়িয়ে দিচ্ছে। তারা শ্বেতাঙ্গ আধিপত্যসহ নানা বিষয়ে কথা বলে কুইবেকে গভীর বিপদ ডেকে আনছে।
রাজ্যের মুসলিম অধিবাসীরাও ক্রমবর্ধমান ইসলামভীতির জন্য ডানপন্থী এই রেডিও স্টেশনগুলোকেই দায়ী করেছেন। কুইবেক সিটির মসজিদে হামলার ঘটনায় সন্দেহভাজনভাবে আলেক্সন্দ্র বিসোনেতকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। তবে তিনি এই রেডিও স্টেশনগুলোর শ্রোতা ছিলেন কি না, তা জানা যায়নি। অনলাইনে তাঁর কার্যক্রমের পরিপ্রেক্ষিতে ধারণা করা হচ্ছে, তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফ্রান্সের কট্টর ডানপন্থী রাজনীতিক মারিন লু পেনকে সমর্থন করেন।