ইসলামাবাদ অভিমুখে লাখো মানুষের লংমার্চ
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ অভিমুখী লংমার্চে গতকাল সোমবার লাখ লাখ মানুষ শামিল হয়েছেন। প্রভাবশালী একজন ধর্মীয় নেতার নেতৃত্বে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই লংমার্চে অংশ নেন। অংশগ্রহণকারীরা একে ‘বিপ্লব’ হিসেবে দাবি করলেও সরকার বলছে, নির্বাচন সামনে রেখে এটি রাজনৈতিক হাঙ্গামা সৃষ্টির চেষ্টা।গত রোববার স্থানীয় সময় বেলা দেড়টায় পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোর থেকে লংমার্চ শুরু হয়। গতকাল রাতে লংমার্চটির ইসলামাবাদ পৌঁছার কথা।পাকিস্তানি বংশোদ্ভূত কানাডীয় ধর্মীয় নেতা তাহির-উল কাদরি এই লংমার্চের নেতৃত্ব দিচ্ছেন। কয়েক বছর টরোন্টোতে কাটানোর পর গত মাসে তিনি দেশে ফেরেন। তিনি ক্ষমতাসীন পিপিপি (পাকিস্তান পিপলস পার্টি) সরকারকে দুর্নীতিগ্রস্ত ও অযোগ্য বলে অভিযুক্ত করেছেন। তিনি দাবি করেন, দেশে যতক্ষণ সংস্কার না হবে, ততক্ষণ নির্বাচন হতে দেওয়া হবে না।লংমার্চ শুরুর পর তাহির-উল কাদরি গতকাল বলেন, তিনি প্রায় ১০ লাখ লোক নিয়ে ইসলামাবাদ অভিমুখে রওনা দিয়েছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁরা সেখানকার সড়কে সড়কে অবস্থান নিয়ে থাকবেন। কাদরি বলেন, তাঁদের দাবি, মার্চের মাঝামাঝি পার্লামেন্ট ভেঙে দেওয়ার পর সেনাবাহিনী ও বিচার বিভাগের সঙ্গে পরামর্শ করে একটি তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা। এ ছাড়া মধ্য মেতে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে যাতে ‘সৎ মানুষ’ জয়ী হতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার সাধন করা।বিশ্লেষকেরা বলছেন, লংমার্চে অংশগ্রহণকারীদের সংখ্যা, বিক্ষোভকালে সম্ভাব্য সহিংসতার ঘটনা সরকারকে কতটুকু নাড়া দিতে পারেন, সেসবের ওপরই এ লংমার্চের গুরুত্ব নির্ভর করছে।এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, ওই লংমার্চইসলামাবাদ থেকে ১২০ কিলোমিটার দক্ষিণে ঝিলামে এসে পৌঁছার পর তা কয়েক লাখ লোকের সমাবেশে রূপ নিয়েছে। ঝিলাম থেকে বার্তা সংস্থা এএফপির একজন সংবাদদাতা জানান, তিনি প্রায় পাঁচ কিলোমিটার সড়কজুড়ে নারী-পুরুষ-শিশুদের ঠাসা ব্যক্তিগত গাড়ি, বাস, ট্রাক, মোটরসাইকেল ও অন্য যানবাহনের বহর দেখেছেন। তাঁদের অনেকে পাকিস্তানি পতাকা নেড়ে ও বিজয়সূচক ‘ভি’ চিহ্ন দেখিয়ে স্লোগান দিচ্ছিলেন।ঝিলামের পুলিশ কর্মকর্তা মো. আকরাম জানান, লংমার্চে প্রায় পাঁচ লাখ মানুষ শরিক হয়েছে। সাড়ে ৩০০ গাড়ির লংমার্চবহরটি ব্যাপক পুলিশি প্রহরায় এগিয়ে চলেছে। গতকাল এই সময় মাইকে উচ্চ স্বরে জাতীয় সংগীত বাজানো হচ্ছিল। অনেকে বাদ্যের তালে তালে নাচছিলেন। স্থানীয় বাসিন্দারা সড়কের দুই ধারে দাঁড়িয়ে হাত নেড়ে ও ফুলের পাপড়ি ছিটিয়ে প্রথাগত পন্থায় বিক্ষোভকারীদের শুভেচ্ছা জানান। এএফপি, এপি ও ডন ডটকম।