ইসলামাবাদে ডি-৮ শীর্ষ সম্মেলন আজ
বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে আজ বৃহস্পতিবার উন্নয়নশীল মুসলিম দেশগুলোর সংগঠন ডি-৮-এর শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে। এবারের সম্মেলনের বিষয়বস্তু হলো ‘শান্তি ও সমৃদ্ধির জন্য গণতান্ত্রিক সহযোগিতা’।শীর্ষ সম্মেলন উপলক্ষে ইসলামাবাদজুড়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ ও আধা সামরিক বাহিনীর হাজার হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। ইসলামাবাদে এই সম্মেলন উদ্বোধন করবেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি।ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ, মিসরের মোহাম্মদ মুরসি, ইন্দোনেশিয়ার সুসিলো বামবাং ইউধোয়োনো, নাইজেরিয়ার গুডলাক জোনাথন ও তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইপ এরদোয়ান সম্মেলনে উপস্থিত থাকছেন।ডি-৮ সম্মেলনের সুবাদে ৪০ বছর পর মিসরের কোনো প্রেসিডেন্ট এবং ২৮ বছর পর নাইজেরিয়ার কোনো নেতা পাকিস্তান সফরে আসছেন। ডি-৮ সম্মেলনের উদ্দেশ্য হলো, এর সদস্য দেশগুলোর পারস্পরিক বাণিজ্য ২০১৮ সালের মধ্যে ৫০ হাজার ৭০০ কোটি ডলারে উন্নীত করা। বর্তমানে এই বাণিজ্যের পরিমাণ ১০ হাজার ৩০০ কোটি ডলার। পাকিস্তান সরকারের এক বিবৃতিতে বলা হয়, ‘ডি-৮-এর নেতারা বিশ্ব অর্থনৈতিক মন্দা ও জলবায়ু পরিবর্তনের ক্ষতি কাটিয়ে উঠতে এবং পারস্পরিক বাণিজ্য বাড়ানোর লক্ষ্যে করণীয় সম্পর্কে আলোচনা করবেন।’ শীর্ষ সম্মেলনে সদস্য দেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধানদের উপস্থিতিতে ডি-৮-এর সনদ গৃহীত হবে। এ ছাড়া অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় দেশগুলোর সমন্বিত অংশগ্রহণ নিশ্চিত করতে ইসলামাবাদ ঘোষণাও গৃহীত হবে। এএফপি।