ইসলামাবাদে ডি-৮ সম্মেলন শুরু
উন্নয়নশীল দেশগুলোর সংস্থা ডি-৮-এর চার দিনব্যাপী সম্মেলন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুরু হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফ গতকাল সোমবার সম্মেলনের উদ্বোধন করেন। উদ্বোধনী ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ডি-৮-এর সদস্যদেশগুলোর বাণিজ্যের অগ্রগতি প্রয়োজন। এ জন্য পরস্পরের বাজারে প্রবেশের ক্ষেত্রে সম-অধিকার নিশ্চিত করতে হবে। পাকিস্তান বাণিজ্যে বিশ্বাস করে, সাহায্য গ্রহণে নয়। দ্বিপক্ষীয় বাণিজ্যের অগ্রগতিতে ডি-৮ সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। চলতি সম্মেলনেও সেই ধারাবাহিকতা থাকবে। ডি-৮-এর সদস্যদের শিল্প খাতে উৎপাদন বাড়ানোর সামর্থ্য রয়েছে। আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ডি-৮ ভুক্ত দেশগুলোর টেকসই বাণিজ্য সহযোগিতার পথে অগ্রসর হওয়া উচিত। সম্মেলনে মিসরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুসিলো বামবাং ইউধোইয়োনো, ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ, নাইজেরিয়ার প্রেসিডেন্ট গুডলাক জোনাথান, তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েপ এরদোয়ান যোগ দিচ্ছেন। এ ছাড়া মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনে নিজ নিজ দেশের পক্ষে প্রতিনিধিত্ব করতে পারেন। ডন।