ইসলামাবাদের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্ক পর্যালোচনা করছে নয়াদিল্লি: মনমোহন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, তাঁর দেশ পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়। তবে ইসলামাবাদের পক্ষ থেকেও একই ধরনের প্রচেষ্টা থাকতে হবে।গতকাল রোববার ক্ষমতাসীন কংগ্রেসের এক সভায় মনমোহন এসব কথা বলেন। সম্প্রতি কাশ্মীর সীমান্তে দুই ভারতীয় সেনা হত্যার ঘটনাকে ‘অমানবিক’ মন্তব্য করে মনমোহন বলেন, ইসলামাবাদের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্কের বিষয়টি সতর্কতার সঙ্গে পর্যালোচনা করে দেখছে নয়াদিল্লি।প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সতর্কতার সঙ্গে পর্যালোচনার পর ভবিষ্যৎ পদক্ষেপ নেব।’ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ গতকাল সিএনএন আইবিএনের এক অনুষ্ঠানে বলেন, প্রতিবেশী দুই দেশের মধ্যে শান্তির প্রক্রিয়া অনেকটা আগের অবস্থায় ফিরে এসেছে। তবে, আরও উন্নতি করতে হবে। গণমাধ্যমের বিভিন্ন খবরকে ‘যুদ্ধংদেহী’ মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এসব খবর দুই দেশের সম্পর্কে প্রভাব ফেলবে না।চলতি মাসের শুরুর দিকে জম্মু ও কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণরেখায় দুই পক্ষের গোলাগুলিতে পাকিস্তানের তিনজন ও ভারতের দুজন সেনাসদস্য নিহত হন। ২০০৩ সালে দুই দেশের মধ্যে অস্ত্রবিরতির পর এটাই বড় ধরনের সহিংসতার ঘটনা।ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, গণমাধ্যমে অপ্রাসঙ্গিক বিষয়ে বিতর্ক হয়, এটা দুর্ভাগ্যজনক। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খারের সঙ্গে আলোচনায় বসবেন কি না, জানতে চাইলে সালমান খুরশিদ বলেন, এ ক্ষেত্রে আরেকটু অনুকূল পরিবেশ তৈরি হওয়া প্রয়োজন। এপি ও পিটিআই অনলাইন।