
যুক্তরাষ্ট্রে নাইন-ইলেভেনের ভয়াবহ সন্ত্রাসী হামলার তিন বছর আগেই দেশটিতে আল-কায়েদার হামলা ঠেকাতে ইসলামাবাদের সহায়তা চেয়েছিল ওয়াশিংটন। এ জন্য তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন টেলিফোন করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে। তালেবানকে দিয়ে আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে নিরস্ত্র করতে ভূমিকা রাখার জন্য নওয়াজকে অনুরোধ জানিয়েছিলেন ক্লিনটন।
সম্প্রতি আরাকানস অঙ্গরাজ্যে অবস্থিত ক্লিনটনের প্রেসিডেন্সিয়াল লাইব্রেরি টেলিফোনে কথোপকথনের গোপন নথি প্রকাশ করেছে। এই নথি এমন সময় প্রকাশ করা হলো যখন পাকিস্তানের সেই প্রধানমন্ত্রীই আবারও ক্ষমতায় এসে সরকারপ্রধান হিসেবে যুক্তরাষ্ট্র সফর করছেন। আগামী বুধবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠক করবেন তিনি। বৈঠকে স্থিতিশীল আফগানিস্তান গড়তে তালেবানকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে আবারও ইসলামাবাদের সহায়তা চাইতে পারে ওয়াশিংটন।
প্রকাশিত তথ্যমতে, যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন আল-কায়েদার হামলা আসন্ন বলে তথ্য ছিল মার্কিন গোয়েন্দাদের কাছে। বিষয়টি জানার পর ১৯৯৮ সালের ১৮ ডিসেম্বর ক্লিনটন হোয়াইট হাউস থেকে টেলিফোন করেন নওয়াজকে। সম্ভাব্য হামলা ঠেকাতে নওয়াজের সহায়তা চেয়ে ক্লিনটন বলেন, ‘আপনার ব্যক্তিগত সহায়তা আমার খুব প্রয়োজন।’ একপর্যায়ে নওয়াজ বলেন, তালেবান খুব ‘একগুঁয়ে স্বভাবের’ ও তাদের আচরণ ‘অসহযোগিতামূলক’। উল্লেখ্য, তখন তালেবান আফগানিস্তানের ক্ষমতায় ছিল।
টেলিফোনে ক্লিনটন ও নওয়াজের ওই কথোপকথন ছয় মিনিট ধরে চলে। নওয়াজের সহায়তা চাওয়ার আগে ক্লিনটন তালেবান নেতাদের সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক কেমন—তা জানতে চান। তালেবান নেতাদের সঙ্গে সম্পর্কের বিষয়টি ব্যবহার করে আফগানিস্তানে ওসামাকে বিচারের আওতায় আনতে কাজ করার অনুরোধ জানান ক্লিনটন। ক্লিনটন বলেন, ‘আমরা গোয়েন্দা সূত্রে জানতে পেরেছি লাদেন শিগগিরই যুক্তরাষ্ট্রে হামলার পরিকল্পনা করেছেন। সেটা এমনকি ৪৮ ঘণ্টার মধ্যেও হতে পারে। এর মধ্যে লাদেন আফগানিস্তান থেকে দুটি হামলা পরিচালনার পরিকল্পনা নিয়েছেন।’
ওসামাকে বিচারের আওতায় আনা প্রসঙ্গে নওয়াজ শরিফ বলেন, ‘আমি আগেও চেষ্টা করেছি। আবারও করব। তবে তালেবান সব সময় আমাদের কথা শোনে না। তাদের আচরণে আমি খুব হতাশ।’ পিটিআই।