ইসলামি মৌলবাদই বিশ্বের জন্য সবচেয়ে বড় হুমকি: ব্লেয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার বলেছেন, এই মুহূর্তে বিশ্বের জন্য সবচেয়ে বড় হুমকি ইসলামি মৌলবাদ। নিজের স্মৃতিকথা প্রকাশ উপলক্ষে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন।ব্লেয়ার বলেন, ইসলামি মৌলবাদীরা মনে করে ধর্মের নামে তারা যা খুশি তাই করতে পারে, এমনকি রাসায়নিক, জৈব ও পরমাণু অস্ত্র ব্যবহারেও বাধা নেই।ইরাক ও আফগানিস্তান যুদ্ধে ব্রিটেনের পক্ষে নেতৃত্ব দিয়েছিলেন ব্লেয়ার। তবে তাঁর নিজের নীতির কারণে মৌলবাদ আরও উসকে গেছে, এমন অভিযোগ অস্বীকার করেছেন সাবেক এই ব্রিটিশ প্রধানমন্ত্রী।চেচনিয়া, কাশ্মীর, ফিলিস্তিন, ইরাক ও আফগানিস্তানে মুসলিমরা বিদেশি দখলদারদের বিরুদ্ধে লড়ছে বলে জানানো হলে ব্লেয়ার বলেন, ইসলামি মৌলবাদীরা পশ্চাদমুখী ও আক্রমণাত্মক। এ জন্য পশ্চিমানীতির উদ্দেশ্য তাদের মোকাবিলা করা। ব্লেয়ার বলেন, ইরাকে আল-কায়েদার লক্ষ্য বিদেশি সেনাদের সে দেশ থেকে তাড়ানো নয় বরং ইরাকের নির্বাচিত সরকারকে অস্থিতিশীল করা।ব্লেয়ার জানান, ইসলামি মৌলবাদের অন্যতম মদদদাতা ইরান। পরমাণু অস্ত্র তৈরি থেকে তাদের বিরত রাখতে হবে, সেটা যে উপায়েই হোক। তিনি বলেন, ‘ইরানের প্রতি আমাদের বার্তা পরিষ্কার, তারা পরমাণু অস্ত্র তৈরি করতে চাইলে আমরা তা প্রতিহত করবই।’ব্লেয়ার জানান, ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা গ্রহণের পক্ষে তিনি সাফাই গাইছেন না, তবে কোনো পন্থাই সম্ভাব্য পদক্ষেপের বাইরে রাখা উচিত নয়।নাইন ইলেভেনের ঘটনা পররাষ্ট্রনীতি সম্পর্কে তাঁর দৃষ্টিভঙ্গি বদলে দেয় উল্লেখ করে ব্লেয়ার বলেন, ‘ঠিক কি বেঠিক জানি না, তবে ওই ঘটনার পর আমার মনে হয়েছে ঝুঁকির হিসাব-নিকাশ পাল্টে গেছে। মৌলবাদীরাই আমাদের জন্য সব চেয়ে বড় হুমকি এবং তারা পারলে পরমাণু, রাসায়নিক ও জৈব অস্ত্র ব্যবহারেও পিছপা হবে না।’ব্লেয়ার তাঁর স্মৃতিকথা এ জার্নি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সঙ্গে মনিকা লিউনিস্কির সম্পর্কের বিষয়ে কথা বলেছেন। তিনি লিখেছেন, মানুষকে নিয়ে প্রচণ্ড আগ্রহ ও উৎসাহ বোধের কারণেই সম্ভবত তিনি (ক্লিনটন) লিউনিস্কির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন।ব্লেয়ার লিখেছেন, ‘পুরুষের ক্ষেত্রে সম্মানবোধ প্রকাশ পায় বন্ধুত্বের মাধ্যমে, কিন্তু নারীর বেলায় সম্মানবোধের সঙ্গে কিছুটা হলেও যৌনতা থাকে।’ব্লেয়ারকে লক্ষ্য করে ডিম ও জুতা নিক্ষেপ: এদিকে ডাবলিনে গতকাল শনিবার নিজের বইয়ের প্রচারণার সময় ব্লেয়ারকে লক্ষ্য করে ডিম ও জুতা ছুড়েছে কিছু লোক। তবে সেগুলো তাঁর শরীরে লাগেনি। সেখানে একটি বইয়ের দোকানে ক্রেতাদের জন্য নিজের বইয়ে স্বাক্ষর করতে গিয়েছিলেন তিনি।ব্লেয়ারের স্বাক্ষরসহ বই কেনার জন্য প্রায় ৩০০ মানুষ লাইনে দাঁড়িয়েছিল ওই দোকানের সামনে। এ সময় যুদ্ধবিরোধীরা সেখানে তাঁকে লক্ষ্য করে ডিম ও জুতা ছোড়ে। এ ছাড়া নিরাপত্তা ভেঙে ভেতরে ঢুকে পড়ার চেষ্টা করলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষও হয়। বিবিসি, টাইমস অব ইন্ডিয়া।