সোমালিয়ার ১৬০ জন ইসলামি চিন্তাবিদ সে দেশের জঙ্গি সংগঠন আল-শাবাবের বিরুদ্ধে ফতোয়া জারি করেছেন। তাঁরা বলেছেন, ইসলামে এই সংগঠনের কোনো স্থান নেই।
সোমালিয়ায় ইসলামি শাসন কায়েমের লক্ষ্যে লড়াই করছে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার ঘনিষ্ঠ আল-শাবাব। সরকারি বাহিনী গত দুই বছরে গুরুত্বপূর্ণ শহরগুলো থেকে তাদের হটিয়ে দিয়েছে। তবে এখনো দেশটির প্রত্যন্ত এলাকাগুলো এই জঙ্গিগোষ্ঠীটির নিয়ন্ত্রণে রয়েছে। আল-শাবাবের লড়াইয়ের নিন্দা জানিয়ে গত বুধবার রাজধানী মোগাদিসুতে এক সম্মেলনে ইসলামি চিন্তাবিদেরা বলেন, সংগঠনটি গুলি করে, বোমার বিস্ফোরণ ঘটিয়ে নির্বিচারে মানুষ হত্যা করছে। নানা সহিংস তৎপরতা চালাচ্ছে। ইসলামে এসবের কোনো স্থান নেই।
দুই বিদেশি জঙ্গি নিহত: এদিকে সোমালিয়ায় গতকাল বৃহস্পতিবার দুই শীর্ষ বিদেশি জঙ্গি নিহত হয়েছেন। তাঁদের মধ্যে একজন মার্কিন ও অন্যজন ব্রিটিশ নাগরিক। মার্কিন জঙ্গির নাম ওমর হামামি ওরফে আল-আমরিকি। আল-শাবাবের সঙ্গে বিরোধের জের হিসেবে গতকাল তাঁদের যোদ্ধাদের সঙ্গে লড়াইয়ের সময় গুলিতে নিহত হন ওমর হামামি। তাঁর জন্ম যুক্তরাষ্ট্রের অ্যালাবামায়। এএফপি।