ইসলামের শিক্ষা যুক্তরাষ্ট্রকে শক্তিশালী করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামকে মহান ধর্ম উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ইসলামের শিক্ষা মার্কিন জাতিকে আরও শক্তিশালী করেছে। অন্য ধর্মবিশ্বাসের মতো ইসলাম ধর্মও যুক্তরাষ্ট্রের পারিবারিক জীবনধারার অংশ। গত শুক্রবার সন্ধ্যায় হোয়াইট হাউসে আয়োজিত ইফতার অনুষ্ঠানে প্রেসিডেন্ট বারাক ওবামা এসব কথা বলেন। সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সময় থেকে প্রতি রমজানে হোয়াইট হাউসে ইফতার হয়ে আসছে। গত শুক্রবার ছিল প্রেসিডেন্ট বারাক ওবামার মেয়াদকালের তৃতীয় ইফতার।ইফতার অনুষ্ঠানে বারাক ওবামা বলেন, ধর্মবিশ্বাস নিয়ে যুক্তরাষ্ট্রে সহিংসতার কোনো স্থান নেই। কোনো ধর্মবিশ্বাসের ওপর আঘাত হানার অর্থ যুক্তরাষ্ট্রের সব নাগরিকের স্বাধীনতাকে আঘাত করা।প্রেসিডেন্ট ওবামা বলেন, যুক্তরাষ্ট্রের অগ্রযাত্রায় মুসলমান নাগরিকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। ইসলাম ধর্মের ত্যাগ, সহিষ্ণুতা এবং আত্মমর্যাদার বিষয় ওবামা তাঁর বক্তব্যে তুলে ধরেন।হোয়াইট হাউসের স্টেট ডিনার হাউসে আয়োজিত ইফতার অনুষ্ঠানে যোগ দেন মার্কিন কংগ্রেসের দুজন মুসলমান সদস্য কিথ এলিসন এবং এনড্রে কারসন। অন্যান্যের মধ্যে ওয়াশিংটনে নিযুক্ত বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিক, ওবামা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন রাজ্য থেকে আমন্ত্রিত মুসলমান পরিবার, মসজিদের ইমাম এবং ধর্মীয় নেতারা ইফতারে যোগ দেন।