বিদেশ ভ্রমণে বিধিনিষেধ আরোপ করে তৈরি করা তালিকা এক্সিট কন্ট্রোল লিস্টে (ইসিএল) পাকিস্তানের সাবেক সামরিক শাসক পারভেজ মোশাররফের নাম স্থায়ীভাবে অন্তর্ভুক্তির আবেদন নাকচ করে দিয়েছেন সিন্ধুর হাইকোর্ট। গতকাল সোমবার এ নিয়ে শুনানি শেষে আদালত ওই রায় দেন।
একই দিন ইসিএল থেকে মোশাররফের নাম মুছে ফেলতে আরেকটি আবেদন করেন তাঁর পক্ষের আইনজীবী। তবে এ ব্যাপারে আদালত কোনো সিদ্ধান্ত দেননি। সিন্ধু হাইকোর্টের দুই সদস্যের বেঞ্চ ২৩ ডিসেম্বর এ রায় দেবেন। পরদিন মোশাররফকে সর্বোচ্চ আদালতে হাজির করা হবে।
মোশাররফের নাম ইসিএল থেকে মুছে ফেলতে আদালতে করা আবেদনে তাঁর আইনজীবী এ কিউ হেলপোতো বলেন, বিদেশে বসবাসরত অসুস্থ মাকে দেখতে যেতে চান মোশাররফ। আবেদনের পরিপ্রেক্ষিতে সিন্ধু হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারক সাজ্জাদ আলী শাহ তাঁর পর্যবেক্ষণে বলেন, সিন্ধু হাইকোর্ট মোশাররফের নাম ইসিএলের অন্তর্ভুক্তির আদেশ দেননি। সরকার চাইলে তাঁর নাম বাদ দিতে পারে। ডন অনলাইন।