ইসির ক্ষমতা খর্ব করার উদ্যোগ ভারত সরকারের
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নিয়ে কাজ করার ক্ষমতা নির্বাচন কমিশনের (ইসি) কাছ থেকে কেড়ে নিতে যাচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার।ইসির সঙ্গে আইনমন্ত্রী সালমান খুরশিদের সাম্প্রতিক বিরোধের পর কংগ্রেসের নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) এ ধরনের পদক্ষেপ নিচ্ছে। ওই আচরণবিধি সংবিধিবদ্ধ রূপ পেলে ইউপিএ সরকার ভারতে ব্যাপক সমালোচনার মুখে পড়বে বলে ধারণা করা হচ্ছে।ভারতের একটি প্রভাবশালী দৈনিকের প্রতিবেদনে বলা হয়, কংগ্রেসের নেতৃত্বাধীন বর্তমান সরকার নির্বাচনী আচরণবিধি-সংক্রান্ত বিষয়গুলোকে সংবিধিবদ্ধ ভিত্তি দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। আর সংবিধিবদ্ধ রূপ পেলে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন-সংক্রান্ত অভিযোগ সরাসরি আইনের আওতায় চলে যাবে। তখন ওই অভিযোগের বিষয়টি নিয়ে কাজ করার অধিকার হারাবে নির্বাচন কমিশন। তার পরিবর্তে বিষয়টি আদালতে গড়াবে।পত্রিকাটির প্রতিবেদন অনুযায়ী, সরকার এরই মধ্যে ওই বিষয়ে গোপনে প্রজ্ঞাপন জারি করেছে। দুর্নীতির বিষয়ে অর্থমন্ত্রী প্রণব মুখার্জির নেতৃত্বে মন্ত্রিসভার (গ্রুপ অব মিনিস্টার্স) সপ্তম বৈঠকে ওই বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। আজ বুধবার ওই বৈঠক অনুষ্ঠিত হবে।সরকারের এ পদক্ষেপ নতুন করে বিতর্ক উসকে দিতে পারে। এ ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনার এস ওয়াই কোরাইশি বলেন, সরকারের এ পদক্ষেপ ‘বড় ধরনের ভুল’। নির্বাচন কমিশনের ক্ষমতা খর্ব করতেই এ পদক্ষেপ নেওয়া হচ্ছে।প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, আচরণবিধি লঙ্ঘনের বিষয়গুলো আদালতে বিচার করা হলে বিষয়টি কয়েক বছর ধরে ঝুলে থাকবে।আইনমন্ত্রী সালমান খুরশিদ সম্প্রতি মধ্যপ্রদেশের ছটাকপুরে একটি নির্বাচনী জনসভায় সংখ্যালঘুদের কোটা বাড়ানোর বিষয়ে মন্তব্য করে দেশের নির্বাচন কমিশনের তোপের মুখে পড়েন। নির্বাচন কমিশন সে সময় খুরশিদের বিষয়ে যথার্থ ব্যবস্থা নিতে রাষ্ট্রপতি প্রতিভা পাতিলকে চিঠি দেন। এমনকি খুরশিদকে বরখাস্ত করারও দাবি ওঠে বিরোধীদের পক্ষ থেকে। জি নিউজ।