ইসির মামলা নেননি কলকাতা হাইকোর্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পঞ্চায়েত নির্বাচন নিয়ে রাজ্য সরকারের তারিখ ঘোষণার বিজ্ঞপ্তি বাতিলের দাবিতে রাজ্যের নির্বাচন কমিশনের মামলা নেননি আদালত। গতকাল সোমবার কলকাতা হাইকোর্টে এ মামলার আবেদন করা হয়।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিচারপতি বিশ্বনাথ মজুমদারের আদালতে আবেদনটি পেশ করা হয়। কিন্তু মামলার পদ্ধতিগত ত্রুটির কারণে তা গ্রহণ করেননি আদালত। পরে আইনি পদ্ধতি মেনে মামলাটি আবার পেশ করার নির্দেশ দেন আদালত। আজ মঙ্গলবার মামলাটি করা হবে। এদিকে, রাজ্য বিজেপির পক্ষ থেকেও গতকাল কলকাতা হাইকোর্টে আরেকটি মামলা করা হয়। মামলায় বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়, নির্বাচন কমিশনকে পঞ্চায়েত নির্বাচন পরিচালনার পূর্ণ ক্ষমতা দেওয়া হোক। পাশাপাশি তারা পঞ্চায়েত আইন বাতিলেরও দাবি জানায়। পঞ্চায়েত নির্বাচনের বিষয়ে পশ্চিমবঙ্গ সরকার রাজ্য নির্বাচন কমিশনকে এড়িয়ে ২৬ ও ৩০ এপ্রিল নির্বাচনের তারিখ ঘোষণা করে। রাজ্য নির্বাচন কমিশন পঞ্চায়েত নির্বাচন তিন পর্যায়ে এবং কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর উপস্থিতিতে নির্বাচন করার প্রস্তাব পাঠালে রাজ্য সরকার সেই প্রস্তাব নাকচ করে দেয়।