ইস্তাম্বুল বৈঠক পশ্চিমাদের জন্য শেষ সুযোগ: ইরান
ইরানের পরমাণু কার্যক্রম নিয়ে আগামী সপ্তাহে তুরস্কের ইস্তাম্বুলে যে আন্তর্জাতিক বৈঠক হতে যাচ্ছে, এটিকে পশ্চিমা বিশ্বের জন্য ‘শেষ সুযোগ’ হিসেবে অভিহিত করেছে তেহরান। গতকাল বুধবার আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থায় (আইএইএ) নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলি আসগর সোলতানিয়াহ হুঁশিয়ার করেছেন, ওই বৈঠক ব্যর্থ হলে ইরান ভবিষ্যতে আর আলোচনার টেবিলে না-ও ফিরতে পারে। ইরানের সরকারি সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, আলি আসগর সোলতানিয়াহ বলেছেন, ইরান যদি তার চিকিৎসাবিষয়ক গবেষণা চুল্লির জন্য নিজেই জ্বালানি উৎপাদন করতে পারে, তাহলে তারা ভবিষ্যতে বৈঠকে না-ও বসতে পারে। তিনি বলেছেন, ইস্তাম্বুল বৈঠক যদি ব্যর্থ হয় এবং এর মধ্যে ইরান যদি ইউরেনিয়ামসমৃদ্ধ জ্বালানি তৈরি করে ফেলে, তাহলে ভবিষ্যতে ইরানি পার্লমেন্ট সরকারকে পুনরায় এ ধরনের আলোচনায় যাওয়ার বিষয়ে হয়তো অনুমতি দেবে না। সেদিক থেকে এটি হয়তো পশ্চিমা বিশ্বের শেষ সুযোগ। এর আগে তেহরানের পরমাণু কার্যক্রম বন্ধে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, জার্মানি, ফ্রান্স ও ব্রিটেন বেশ কয়েক দফা বৈঠক করেছে। তবে তার কোনোটিতেই কোনো সিদ্ধান্তে পৌঁছা সম্ভব হয়নি। আটজনের ফাঁসি: ইরানে মাদক চোরাকারবারে জড়িত থাকার দায়ে সাতজন এবং অপহরণ করে এক কিশোরীকে ধর্ষণ করার দায়ে একজনকে ফাঁসি দেওয়া হয়েছে। সরকারি সংবাদ সংস্থা ইরনা গতকাল এ কথা জানায়। চলতি বছর এ নিয়ে ইরানে এ পর্যন্ত মোট ২৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হলো। এএফপি ও রয়টার্স।