সিরিয়ার বাশার আল-আসাদবিরোধীরা অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী বাছাইয়ের লক্ষ্যে গতকাল সোমবার ইস্তাম্বুলে বৈঠক শুরু করেছে। প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের কাছ থেকে দেশের একটি বড় অংশের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেওয়ার প্রেক্ষাপটে গতকাল এই বৈঠক শুরু হয়।বৈঠকে যোগ দিয়েছে সিরিয়ার বিদ্রোহীদের জোট সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশনের সদস্যরা। বেশ কয়েকটি দেশ ও আন্তর্জাতিক সংস্থা এই জোটকে সিরীয় জনগণের বৈধ প্রতিনিধি হিসেবে স্বীকৃতি দিয়েছে। সিরিয়ায় দুই বছরের লড়াইয়ে প্রায় ৭০ হাজার লোক মারা গেছে।বিরোধী জোটের সদস্যরা সতর্ক করে বলেছে, অন্তর্বর্তী প্রধানমন্ত্রী বাছাইয়ে এই বৈঠকে ঐকমত্য প্রতিষ্ঠার কোনো নিশ্চয়তা নেই। অন্তর্বর্তী সরকার নিয়ে ইতিমধ্যে জোটের কয়েক দফা বৈঠক কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়।অন্তর্বর্তী প্রধানমন্ত্রী বাছাইয়ে গতকাল কিংবা আজ মঙ্গলবার জোটের ৭৩ জন সদস্য ভোট দিতে পারে। সিরিয়ার সাবেক কৃষিমন্ত্রীসহ তিনজন প্রধানমন্ত্রী বাছাইয়ের দৌড়ে অংশ নিচ্ছেন। বাশারবিরোধীদের এই বৈঠক ফলপ্রসূ হলে তা সিরিয়ায় চলমান সংঘাত নিরসনে ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে। দেশটিতে সংঘাতে এরই মধ্যে প্রায় ১১ লাখ লোক ঘরবাড়ি হারিয়ে উদ্বাস্তু জীবনযাপন করছে।বিশ্লেষকেরা বলছেন, বিদ্রোহীদের প্রধানমন্ত্রীর প্রথম কাজ হবে একটি অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠা করা। সিরিয়ার ভেতরে থেকেই এই সরকারকে কাজ চালিয়ে যেতে হবে। অন্তর্বর্তী সরকার সব বিরোধী গোষ্ঠীর আস্থা অর্জনে সক্ষম হলে দেশটিতে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের সঙ্গে এই সরকারের আলোচনার প্রয়োজনীয়তা কমে আসবে।এএফপি।