ইহুদিদের জন্য নতুন করে হাজারের বেশি বাড়ি নির্মাণের ঘোষণায় ফিলিস্তিনি ক্ষোভের মধ্য দিয়েই আজ বুধবার জেরুজালেমে আবার মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা শুরু হচ্ছে।এবারের আলোচনার উদ্যোক্তা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ইসরায়েলের নতুন বসতি স্থাপনের এ সিদ্ধান্তে ‘চরম প্রতিক্রিয়া’ ব্যক্ত না করার জন্য ফিলিস্তিনিদের প্রতি আহ্বান জানিয়েছেন। গত সোমবার দক্ষিণ আমেরিকার কলম্বিয়া সফরের সময় সাংবাদিকদের কেরি বলেন, এ ধরনের বসতি স্থাপনকে ওয়াশিংটন অবৈধ মনে করে। তবে ইসরায়েলের এ ঘোষণা কিছুটা হলেও প্রত্যাশিত ছিল।দুই পক্ষকে প্রধান প্রধান বিরোধ মিটিয়ে শান্তি আলোচনার টেবিলে বসার তাগিদ দেন জন কেরি। তিনি বলেন, ‘এখন জরুরি হলো শিগগির আলোচনার টেবিলে ফিরে যাওয়া। বসতি স্থাপনসহ সব সমস্যার সন্তোষজনক সমাধানের চেষ্টা করা। নিরাপত্তা ও সীমান্ত সমস্যার সমাধান করা।’মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘নিরাপত্তাজনিত ও সীমান্ত সমস্যার সমাধান হয়ে গেলে বসতি স্থাপন সমস্যা আর থাকবে না। এ কারণেই আমি এই বসতি স্থাপন নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ না করার আহ্বান জানাই।’মধ্যপ্রাচ্য শান্তি আলোচনায় ফিলিস্তিনিদের অন্যতম প্রধান দাবি অধিকৃত অঞ্চলে ইহুদি বসতি স্থাপন বন্ধ করা। ইহুদি বসতি স্থাপন অব্যাহত রাখার জেরেই ২০১০ সালে শান্তি আলোচনা ভেস্তে যায়। বহু কাঠ-খড় পুড়িয়ে এত দিন পর আবার শান্তি আলোচনা শুরুর প্রাক্কালে রোববার অধিকৃত পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরে প্রায় এক হাজার ২০০ ইহুদি বাড়ি নির্মাণের অনুমোদন দেয় ইসরায়েল সরকার। এ ঘটনা ফিলিস্তিনি কর্তৃপক্ষকে ক্ষুব্ধ করে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের অভিযোগ, শান্তি আলোচনা বানচাল করার চেষ্টা করছে ইসরায়েল। এ অভিযোগ অস্বীকার করে ইসরায়েল দাবি করছে, নতুন ইহুদি বসতিগুলো তাদের ভূমিতেই স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।ইসরায়েলের আবাসনবিষয়ক মন্ত্রণালয় পূর্ব জেরুজালেমে ৭৯৩টি ও পশ্চিম তীরে ৩৯৪টি বাড়ি নির্মাণের জন্য রোববার দরপত্র আহ্বান করেছে। এর মধ্যে গতকাল মঙ্গলবার পূর্ব জেরুজালেমের গিলো এলাকায় নতুন করে ৯৪২টি বাড়ি নির্মাণের পরিকল্পনার অনুমোদন দেয় জেরুজালেম পৌরসভা।ওয়াশিংটন, জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সোমবারই পৃথক বিবৃতিতে নতুন করে ইহুদি বসতি স্থাপনের ব্যাপারে ইসরায়েলের এ সিদ্ধান্তকে ‘অবৈধ’ এবং শান্তি আলোচনা আবার শুরুর প্রচেষ্টার জন্য ‘ক্ষতিকর’ বলে আখ্যা দিয়েছে। ইসরায়েলের এই উদ্যোগের সমালোচনা করে রাশিয়া বলেছে, এটি আলোচনার পরিবেশকে জটিল করবে।১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধের সময় পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম দখলের পর সেখানে এ পর্যন্ত প্রায় পাঁচ লাখ ইহুদির জন্য আবাসনের ব্যবস্থা করেছে ইসরায়েল।এদিকে প্রথম দফায় যে ২৬ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হবে, সোমবার তাঁদের নাম প্রকাশ করেছে ইসরায়েল। গতকালই তাঁদের মুক্তি দেওয়ার কথা। ১০৪ জন ফিলিস্তিনি বন্দীকে চার দফায় মুক্তি দেবে ইসরায়েল।ইসরায়েলে হামলা চালিয়ে হত্যা বা তাতে সহায়তা দেওয়ার অভিযোগে ১০৩ জন ফিলিস্তিনিকে ১৯৯৪ সালে গ্রেপ্তার করে ইসরায়েল। একজনকে গ্রেপ্তার করা হয় ২০১১ সালে। এএফপি, বিবিসি ও রয়টার্স।