ইহুদি বসতিগুলোতে ১৪০০ নতুন বাড়ির পরিকল্পনা ইসরায়েলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসরায়েল গতকাল শুক্রবার আরও নতুন এক হাজার ৪০০ বাড়ি নির্মাণের পরিকল্পনা ঘোষণা করেছে। পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের ইহুদি বসতিগুলোতে এসব বাড়ি তৈরির কথা বলা হয়েছে।
গত মাসে ইসরায়েলি কারাগার থেকে ২৬ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়ার প্রেক্ষাপটে নতুন বাড়ি তৈরির ঘোষণা কিছুটা প্রত্যাশিতই ছিল। কারণ, এর আগেও শান্তি-প্রক্রিয়ার অংশ হিসেবে বন্দী মুক্তি দেওয়ার পর ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য নতুন বাড়ি তৈরির ঘোষণা দিয়েছে ইসরায়েল। তবে এবার এ ঘোষণা দেওয়ার জন্য ইসরায়েল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সফর শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করে।
ফিলিস্তিনি আলোচক সায়েব এরেকাত প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, ‘এ ঘটনা শান্তি-প্রক্রিয়াকে ধ্বংস করার ব্যাপারে ইসরায়েলের অঙ্গীকারকেই স্পষ্টভাবে তুলে ধরে।’
গতকাল ইসরায়েলের আবাসন মন্ত্রণালয় ফিলিস্তিনি-অধ্যুষিত পশ্চিম তীরের কয়েকটি ইহুদি বসতিতে ৮০১টি এবং পূর্ব জেরুজালেমে ৬০০টি বাড়ি তৈরির জন্য টেন্ডার দিয়েছে।
গত বছরের জুলাই মাসে নতুন করে শুরু হওয়া সরাসরি শান্তি আলোচনায় সামান্যই অগ্রগতি হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এতে মধ্যস্থতা করছেন। বসতি নির্মাণ নিয়ে মতবিরোধের কারণেই সর্বশেষ দফা আলোচনা ভেঙে গিয়েছিল। বিবিসি ও এএফপি।