ইয়াকুব মেমনের মৃত্যুদণ্ড বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মুম্বাইয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত থাকার দায়ে ইয়াকুব আবদুল রাজাক মেমনের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্ট।একই মামলায় অন্য ১০ জনের মৃত্যুদণ্ডাদেশ কমিয়ে যাবজ্জীবন কারাদাণ্ডদেশ দেন আদালত। ওই হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের কাছ থেকে অস্ত্র কেনার দায়ে বলিউড তারকা সঞ্জয় দত্তকে পাঁচ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট।১৯৯৩ সালের ১২ মার্চ মুম্বাইয়ের ১৩টি স্থানে অল্প সময়ের ব্যবধানে বোমা বিস্ফোরণ ঘটে। এতে ২৫৭ জন নিহত হয়। আহত হয় অন্তত ৭১৩ জন। ধারণা করা হয়, মুসলিমবিরোধী সাম্প্রদায়িক সহিংসতার প্রতিশোধ নিতেই ওই হামলা চালানো হয়। ওই হামলা চালানোর কয়েক মাস আগে মুম্বাইয়ে সাম্প্রদায়িক সহিংসতায় অন্তত এক হাজার মানুষ নিহত হয়।সুপ্রিম কোর্টের বিচারপতি পি শথাসিভাম ও বি এস চৌহান গতকাল বৃহস্পতিবার এই মামলার রায় ঘোষণা করেন। রায়ে বলা হয়, ভয়াবহ ওই হামলার ষড়যন্ত্রের বিষয়টি মেমন-পরিবার জানত। হামলার ষড়যন্ত্রের মূল হোতা দুই ভাই ইয়াকুব মেমন ও টাইগার মেমন এবং তাঁদের সহযোগী দাউদ ইব্রাহিম। তাঁরা সাজাপ্রাপ্ত অন্য আমামিদের এই হামলায় ব্যবহার করেছেন।যে ১০ জনের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ঘোষণা করা হয়েছে, মৃত্যুর আগ পর্যন্ত তাঁদের কারাগারেই থাকতে হবে। আদালত আশরাফুর রেহমান আজিমুল্লাহ নামের একজনের সাজা যাবজ্জীবন থেকে কমিয়ে ১০ বছরের কারাদণ্ডাদেশ দেন। এ ছাড়া ইমতিয়াজ ইউনুস মিয়া নামের অন্য একজনকে ছয় বছরের দণ্ডাদেশ দেওয়া হয়। সাজা ভোগের মেয়াদ শেষ হওয়ায় ইমতিয়াজকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।রায় ঘোষণার সময় আদালত পাকিস্তানের কঠোর সমালোচনা ক েরন। আদালত বলেন, এই সন্ত্রাসবাদে মদদ দিয়ে পাকিস্তান জাতিসংঘের সদস্য হিসেবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। আদালত বলেন, হামলাকারীরা পাকিস্তানে প্রশিক্ষণ নিয়েছেন। সেখানে তাঁদের শক্তিশালী বোমা তৈরি ও অত্যাধুনিক অস্ত্র চালানোর প্রশিক্ষণ দেওয়া হয়। আদালত আরও বলেন, এই হামলায় পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই জড়িত ছিল; যদিও পাকিস্তান শুরু থেকেই ভারতের এই অভিযোগ অস্বীকার করে আসছে।এর আগে ২০০৭ সালের জুলাইয়ে নিম্ন আদালত এই মামলায় মেমনসহ ১২ জনকে মৃত্যুদণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে একজনের ইতিমধ্যে মৃত্যু হয়েছে। এএফপি, এনডিটিভি ও হিন্দুস্তান টাইমস।