ইয়াঙ্গুনের কাছে মসজিদে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
মিয়ানমারের দাঙ্গা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। থেমে থেমে সহিংসতা চলছেই। গত মঙ্গলবার রাতেও নাত্তালিন শহরের একটি মসজিদ ও বেশ কিছু বাড়িঘর আগুনে জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। পুলিশ গতকাল বুধবার এ তথ্য জানিয়েছে।২০ মার্চ মিয়ানমারে নতুন করে জাতিগত দাঙ্গা ছড়িয়ে পড়ে। বৌদ্ধ ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে গত এক সপ্তাহের সহিংসতায় এ পর্যন্ত অন্তত ৪০ জন নিহত হয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা জানান, মিয়ানমারের বাণিজ্যিক কেন্দ্র ইয়াঙ্গুনের ১৫০ কিলোমিটার উত্তরে নাত্তালিন শহরে মঙ্গলবার রাতে একটি মসজিদ আগুনে জ্বালিয়ে দেওয়া হয়।ওই শহরের একজন বাসিন্দা বলেন, দুর্বৃত্তরা শহরে প্রবেশ করার সময় পুলিশ হকচকিত হয়ে পড়ে। পরে তারা মসজিদে আগুন দিয়ে শহর ত্যাগ করে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই বাসিন্দা বলেন, রাতে প্রায় ২০০ দুর্বৃত্ত শহরে প্রবেশ করে। কিন্তু তারা সংখ্যায় বেশি হওয়ায় পুলিশ তাদের নিয়ন্ত্রণ করতে পারেনি। দুর্বৃত্তরা একটি মসজিদ ও কিছু বাড়িতে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। এএফপি।