ইয়াঙ্গুনের বাইরে সু চির নির্বাচনী সফর বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন উপনির্বাচন সামনে রেখে মিয়ানমারের বিরোধী নেত্রী অং সান সু চি ইয়াঙ্গুনের বাইরে তাঁর সফরসূচি বাতিল করেছেন। গণতন্ত্রপন্থী এই নেত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তাঁর দলের পক্ষ থেকে গতকাল রোববার জানানো হয়েছে। সু চির রাজনৈতিক দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) ডেপুটি কর্মকর্তা চি টো বলেন, ‘তাঁর (সু চি) ব্যক্তিগত চিকিৎসক টিন মিও ইউনের পরামর্শ অনুযায়ী তিনি বাড়িতে বিশ্রাম নেবেন। তাঁর দূরে কোথাও যাওয়া ঠিক হবে না।’শান্তিতে নোবেলজয়ী এই নেত্রীর ব্যক্তিগত চিকিৎসক জানান, মিয়ানমারের দক্ষিণাঞ্চলীয় মাইয়েক শহর সফর করার সময় সু চিকে বহনকারী নৌকার একটি বালুচরে ধাক্কা লাগে। ফলে তাঁরা সেখানে কয়েক ঘণ্টা আটকে ছিলেন। দীর্ঘ সময় ধরে আটকে থাকায় তিনি অসুস্থ হয়ে পড়েন। চি টো জানান, মাইয়েক সফরের সময় সু চির স্বাস্থ্যের ‘অবনতি’ ঘটে এবং তিনি তাঁর ইয়াঙ্গুনের বাড়িতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। তিনি বলেন, ‘আমরা তাঁর চিকিৎসা চালিয়ে যাচ্ছি। তাঁর রক্তচাপ কমেছে।’ যে বাড়িতে সু চির চিকিৎসা চলছে, সেই বাড়ির বাইরে তাঁর শত শত শুভাকাঙ্ক্ষী ভিড় করেছেন। আগামী ১ এপ্রিল মিয়ানমারের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। আশা করা হচ্ছে, এই নির্বাচনের মধ্য দিয়ে সু চি প্রথমবারের মতো পার্লামেন্ট সদস্য হতে যাচ্ছেন। এএফপি।