ইয়াসুকুনি স্মৃতিসৌধে আবে, চীন ও দক্ষিণ কোরিয়ার ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে (মাঝে) গতকাল দেশটির বিতর্কিত ইয়াসুকুনি স্মৃতিসৌধ পরিদর্শন করেন। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে চীন ও দক্ষিণ কোরিয়া  ছবি: রয়টার্স
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে (মাঝে) গতকাল দেশটির বিতর্কিত ইয়াসুকুনি স্মৃতিসৌধ পরিদর্শন করেন। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে চীন ও দক্ষিণ কোরিয়া ছবি: রয়টার্স

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে গতকাল বৃহস্পতিবার দেশটির বিতর্কিত ইয়াসুকুনি স্মৃতিসৌধ পরিদর্শন করেছেন। এ ঘটনায় চীন ও দক্ষিণ কোরিয়া ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।

প্রধানমন্ত্রী আবে গতকাল সকালে ওই স্মৃতিসৌধে প্রবেশ করেন। রাষ্ট্রীয় টেলিভিশনে এ দৃশ্য সরাসরি সম্প্রচার করা হয়। আবে বলেন, ‘চীন কিংবা দক্ষিণ কোরিয়ার মানুষের ভাবাবেগকে আহত করার উদ্দেশ্যে সেখানে যাইনি। এ পরিদর্শন বরং যুদ্ধবিরোধী ইঙ্গিত বহন করে। বিভিন্ন যুদ্ধে নিহত লাখো মানুষের আত্মার প্রতি আমি বলতে চেয়েছি, আবার কখনো এ দেশের জনগণ যুদ্ধের বলি হবে না।’

২০০৬ সালে তৎকালীন প্রধানমন্ত্রী জুনিচিরো কোইজুমি ইয়াসুকুনি স্মৃতিসৌধে গিয়েছিলেন। এরপর ক্ষমতাসীন প্রধানমন্ত্রী হিসেবে আবেই প্রথমবারের মতো সেখানে গেলেন।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে চীন বলেছে, চীনের জনগণের কাছে আবের এই পরিদর্শন একেবারেই অগ্রহণযোগ্য।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়াও।

চীন ও দক্ষিণ কোরিয়া ইয়াসুকুনি স্মৃতিসৌধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার জাপানি আগ্রাসনের প্রতীক হিসেবে গণ্য করে। ওই বিশ্বযুদ্ধের সময় চীন ও কোরীয় উপদ্বীপের অনেক অংশ দখল করেছিল জাপান। জাপানি সেনাবাহিনী অনেক যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছিন গাং বলেন, ‘আমরা জাপানের প্রধানমন্ত্রীর এ আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ ঘটনা দুই দেশের রাজনৈতিক সম্পর্কোন্নয়নে বড় ধরনের বাধার সৃষ্টি করেছে। এর দায় জাপানকে বহন করতে হবে।’

পূর্ব চীন সাগরে বিতর্কিত দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে ইতিমধ্যে চলমান বিরোধের মধ্যে আবের স্মৃতিসৌধ পরিদর্শনের এ ঘটনায় চীন ও জাপানের সম্পর্ক আরও তিক্ত হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আবের স্মৃতিসৌধে যাওয়ার এ ঘটনাকে ‘হতাশাব্যঞ্জক’ বলে উল্লেখ করেছে টোকিওর মার্কিন দূতাবাস। দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়েছে, এ ঘটনায় জাপানের প্রতিবেশী দেশগুলোর মধ্যে উত্তেজনা বেড়ে যেতে পারে।

গত প্রায় ১৫০ বছরে বিভিন্ন যুদ্ধে নারী, শিশুসহ অন্তত ২৫ লাখ নিহত জাপানির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে ইয়াসুকুনি স্মৃতিসৌধ নির্মিত হয়। কিন্তু সত্তরের দশকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কয়েক শ যুদ্ধাপরাধীকে সেখানে সমাধিস্থ করার পর বিতর্ক দেখা দেয়। এএফপি।