দক্ষিণ আমেরিকার ক্রান্তীয় বনাঞ্চল আমাজনের ইয়াসুনি ন্যাশনাল পার্কের প্রাণবৈচিত্র্য সংরক্ষণের পরিকল্পনা বাতিল করেছে ইকুয়েডর সরকার। পার্ক এলাকা থেকে তেল উত্তোলনের লক্ষ্যে খননের অনুমোদন দিতে যাচ্ছে দেশটি। ইকুয়েডরের প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়া গত বৃহস্পতিবার এসব কথা জানান।কোরেয়া বলেন, ‘আমাকে সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলোর একটি নিতে হয়েছে। গভীর দুঃখের সঙ্গে এ কথা জানাচ্ছি। জনগণ এবং ইতিহাসের প্রতি দায়িত্ব পালনের স্বার্থেই ইয়াসুনি পার্কে খননকাজ শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে।’ প্রেসিডেন্ট কারণ হিসেবে বলেন, সংরক্ষিত ওই অভয়ারণ্য এলাকায় খননকাজ বন্ধ রাখার উচ্চাভিলাষী উদ্যোগ ধনী দেশগুলোর পর্যাপ্ত সহযোগিতার অভাবে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, ‘আমরা দান চাইনি, বরং জলবায়ু পরিবর্তন প্রতিরোধের স্বার্থে সহযোগিতা চেয়েছিলাম।’ প্রেসিডেন্ট বলেন, খননকাজের বিস্তার ইয়াসুনি ন্যাশনাল পার্কের মোট আয়তনের মাত্র ১ শতাংশের মধ্যে সীমাবদ্ধ থাকবে। বিশ্বে প্রাণবৈচিত্র্যে সবচেয়ে সমৃদ্ধ এলাকাগুলোর একটি ইয়াসুনি পার্ক। এতে প্রজাতির সংখ্যা গোটা উত্তর আমেরিকা মহাদেশের সমান। ইকুয়েডর সরকারের এ সিদ্ধান্তের প্রতিবাদে শত শত মানুষ রাজধানী কিটো শহরে বিক্ষোভ করে। পরিবেশবাদী বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনও ওই পার্কে তেলের জন্য খননকাজ শুরুর উদ্যোগের প্রতিবাদ জানিয়েছে। ইউনেসকো ইয়াসুনি অঞ্চলটিকে ১৯৮৯ সালে প্রাণবৈচিত্র্য সংরক্ষণ এলাকার মর্যাদা দেয়। ইয়াসুনির খনি থেকে ৯২ কোটি ব্যারেল তেল উত্তোলন সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি ৪০ কোটি টন কার্বন ডাই-অক্সাইড গ্যাস নিঃসরণের ফলে পৃথিবীর পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কাও রয়েছে। এএফপি ও বিবিসি।