ইয়ুথ এনগেজমেন্ট ইনিশিয়েটিভের গেমস নাইট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গেমস নাইটে ক্যারম খেলার দৃশ্য
গেমস নাইটে ক্যারম খেলার দৃশ্য

টরন্টোয় বাংলাদেশি বংশোদ্ভূত একঝাঁক কিশোর-তরুণের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে গেমস নাইট। ইয়ুথ এনগেজমেন্ট ইনিশিয়েটিভের (YEI) উদ্যোগে এই গেমস নাইট অনুষ্ঠিত হয়।

ইয়ুথ এনগেজমেন্ট ইনিশিয়েটিভ গঠিত হয়েছে টরন্টোর অন্যতম বৃহৎ বাংলাদেশি সেবামূলক সংগঠন বাংলাদেশ সেন্টারের (BCCS) তত্ত্বাবধানে। গত প্রায় দুই বছর ধরে সংগঠনটি স্বাস্থ্য, পরিবেশ ও সংস্কৃতির বিভিন্ন অঙ্গনে নানা সমাজসেবামূলক কর্মকাণ্ডে অবদান রেখে বাংলাদেশি কানাডীয় কমিউনিটিতে সবার নজর কেড়েছে। এরই ধারাবাহিকতায় এবার তারা আয়োজন করে গেমস নাইট।
গত ৪ মার্চ শনিবার গেমস নাইট অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৬টায় শুরু হয়ে চলে প্রায় রাত ৯টা পর্যন্ত। গেমস নাইটে ক্যারম, লুডু ও জেঙ্গা ছাড়াও ছিল Xbox One-এ ফুটবল খেলা। প্রজেক্টরের সাহায্যে বিশাল স্ক্রিনে ফুটবল খেলা উপস্থিত কিশোর তরুণদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পায়। আর দেশি আমেজে ক্যারম ও লুডুর সঙ্গে জনপ্রিয় জেঙ্গা খেলাটি উপস্থিত সবাইকে নির্মল আনন্দ দেয়। অডিটোরিয়ামে একদিকে যখন খেলার উচ্ছ্বাস, তখন অডিটোরিয়ামের অন্য প্রান্তে গানপাগল কিছু কিশোর মগ্ন ছিল ওয়াইইআই-এর নিজস্ব আধুনিক সব বাদ্যযন্ত্রের মাধ্যমে সুরের মূর্ছনা তৈরিতে।
নাইটের শেষ ৩০ মিনিট ছিল সব সদস্যের অংশগ্রহণে সাধারণ সভা। আগামীর কর্মপরিকল্পনা তৈরি হয় সব সদস্যের উন্মুক্ত আলোচনার মাধ্যমে। এই সভায় সিদ্ধান্ত হয় ২০১৭ সালের শেষভাগে বিভিন্ন যুব সংগঠন, স্কুল ও বিশ্ববিদ্যালয়গুলোর বাংলাদেশি স্টুডেন্ট অ্যাসোসিয়েশনগুলোকে নিয়ে একটি বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের।
এ ছাড়া চলমান বিভিন্ন ইন্টার-জেনারেশন প্রজেক্ট, যেমন বয়স্কদের বিনা মূল্যে কম্পিউটার শিক্ষা, তরুণ আর বয়স্কদের অংশগ্রহণে ইংলিশ কনভারসেশন সার্কেল, তরুণদের জন্য বিনা মূল্যে গিটার ও কিবোর্ডসহ অন্যান্য বাদ্যযন্ত্র প্রশিক্ষণ, ছবি আঁকা ও ম্যুরাল তৈরির প্রশিক্ষণ, স্টেমসেল ডোনেশান অ্যাওয়ারনেস প্রোগ্রাম, মহান স্বাধীনতা দিবস, বাংলা নববর্ষ উদ্‌যাপন ও গ্রীষ্মের শুরুতে কমিউনিটি ক্লিনিংয়ের মতো আরও অনেক কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত হয়।
আনন্দের এই গেমস নাইটে আয়োজন ছিল পিৎজা, কুকি, পপকর্ন আর চিপসের।
অনুষ্ঠানে YEI-এর সদস্যদের সব রকম সমর্থন ও সহযোগিতার আশ্বাস নিয়ে উপস্থিত ছিলেন কমিউনিটির জনপ্রিয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংগঠনের উপদেষ্টা সংগীতশিল্পী রিংকো, উপস্থাপিকা বনাংকুর মুস্তাফা ও গিটার শিল্পী সোহেল ইমতিয়াজ।
সংগঠনের নেতৃত্বে থাকা কিশোর তরুণেরা জানায়, এখন থেকে প্রতি মাসেই একটি করে গেমস নাইট আয়োজন করা হবে। সংগঠনের তরুণ বন্ধুদের সঙ্গে যোগ দিতে চাইলে <[email protected]> ঠিকানায় ইমেইল করে অথবা টরন্টোর ২৬৭০ ডেনফোর্থ অ্যাভিনিউয়ের BCCS-এর অফিস থেকে সদস্য ফরম সংগ্রহ করা যাবে। YEI-এর ফেসবুক পেজ ‘Youth Engagement Initiative’ এ গেলেও সংগঠনটি সম্পর্কে আরও জানা যাবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সংগঠনের প্রধান উপদেষ্টা রিজুয়ান রহমান উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে গেমস নাইটের সমাপ্তি ঘোষণা করেন।