ইয়েমেন উপকূলে জাহাজ ডুবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহযুদ্ধবিধ্বস্ত দেশ ইয়েমেনের উপকূলে যাত্রীবাহী একটি জাহাজডুবিতে ৫০ জনের বেশি নিখোঁজ হয়েছেন। জাহাজ চলাচল কর্তৃপক্ষের সূত্র গতকাল বুধবার জানিয়েছে, নারী-শিশুসহ ৬০ জনের বেশি যাত্রী নিয়ে উপকূলীয় প্রদেশ হাদ্রামাউতের একটি বন্দর থেকে জাহাজটি যাত্রা করেছিল। গন্তব্য ছিল সোকোত্রা দ্বীপ। উদ্ধারকারী দল জাহাজটির পাঁচ যাত্রীকে বাঁচাতে সক্ষম হয়। তবে বাকি যাত্রীদের ভাগ্যে কী ঘটেছে কিংবা কী কারণে জাহাজটি ডুবে গেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ইয়েমেনের মৎস্যবিষয়ক মন্ত্রী ফাহাদ কাফেন উদ্ধার তৎপরতায় সহায়তার জন্য সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের প্রতি আহ্বান জানিয়েছে। ইয়েমেনের বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযানরত সৌদি জোটের নৌ-উপস্থিতি রয়েছে ওই অঞ্চলে। রয়টার্স